রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৪টার দিকে ঢাকা উদ্যানের সি ব্লক এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ময়মনসিংহের ভালুকা উপজেলার ভান্ডাব এলাকার মো. জালাল উদ্দিন (৩২), সিডস্টোর বাজার এলাকার মো. নাঈম হাসান ডালিম (৩২), জীবনতলা এলাকার মো. মাহমুদুল হাসান মামুন (৩৪) এবং হবিরবাড়ী এলাকার মো. আল-আমিন (৩৫)।
পুলিশের তথ্যমতে, জালাল উদ্দিন ভালুকা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সদস্য। নাঈম হাসান ডালিম হবিরবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি যুবলীগের সক্রিয় কর্মী বলে জানা গেছে। মাহমুদুল হাসান মামুন হবিরবাড়ী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাবেক সাংগঠনিক সম্পাদক। একই ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য আল-আমিন।
মোহাম্মদপুর থানা-পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ রেখে ঢাকায় মিছিল ও কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে তাঁরা ওই এলাকায় অবস্থান করছিলেন।
পুলিশের নথিতে নাঈম হাসান ডালিমের বিরুদ্ধে ছয়টি মামলার তথ্য রয়েছে। এর মধ্যে ২০২৬ সালের ২৫ সেপ্টেম্বর সুনামগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে একটি মামলা করা হয়। এ ছাড়া ২০২৪ সালের অক্টোবরে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় তাঁর বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে। ভালুকা মডেল থানায় ২০২৩ সালের ৩১ ডিসেম্বর এবং ২০১৮ সালের ৪ জুন আরও দুটি মামলা নথিভুক্ত হয়।
অন্যদিকে, মাহমুদুল হাসান মামুনের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় দুটি মামলার তথ্য জানিয়েছে পুলিশ। এর মধ্যে ২০২৫ সালের ২১ মার্চ দণ্ডবিধির বিভিন্ন ধারায় এবং ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনের বিভিন্ন ধারায় মামলা দুটি করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। তাঁদের গ্রেপ্তারের পর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
সদ্য সংবাদ/এআর