ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদারে বিশেষ পরিকল্পনা নিয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)। ভোটের পরিবেশ শান্ত রাখা এবং যেকোনো ধরনের সহিংসতা বা নাশকতা প্রতিরোধে আধুনিক প্রযুক্তি ও বিশেষায়িত ইউনিট কাজে লাগানো হবে।
আগামী ২৯ অক্টোবর এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রশাসন ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে এসআরবি-১৩।
বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় ঠাকুরগাঁও জেলা স্কুলের বড় মাঠে আয়োজিত এক ব্রিফিংয়ে বাহিনীটির নিরাপত্তা পরিকল্পনার বিস্তারিত তুলে ধরা হয়। এতে এসআরবি-১৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুর করিম, পিএসসি নির্বাচনী দায়িত্ব পালনের প্রস্তুতি সম্পর্কে জানান।
নিরাপত্তা কার্যক্রমে মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্সের পাশাপাশি ডগ স্কোয়াড এবং ড্রোন ব্যবহার করা হবে। বিশেষ করে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নজরদারি বাড়ানো হবে, যাতে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়।
নির্বাচন চলাকালে সম্ভাব্য নাশকতা, সংঘর্ষ, বিশৃঙ্খলা কিংবা অন্য যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রাখা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১৩। পাশাপাশি কোথাও সন্দেহজনক কোনো বস্তু বা কার্যকলাপ দেখা গেলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, ভোটাররা যেন কোনো ভয়ভীতি বা বাধা ছাড়াই ভোট দিতে পারেন, সে পরিবেশ নিশ্চিত করাই তাদের অন্যতম লক্ষ্য। এ জন্য সংশ্লিষ্ট প্রশাসন, রাজনৈতিক দল, নির্বাচনে অংশ নেওয়া প্রার্থী এবং সাধারণ মানুষের সহযোগিতাও প্রয়োজন।
উল্লেখ্য, ঠাকুরগাঁও-১ (সদর) সংসদীয় আসনের উপনির্বাচনে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সদ্য সংবাদ/এসএস