ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনের প্রাথমিক ফলাফলে শীর্ষ অবস্থানে থাকলেও ভোটের শতকরা হিসাবে কমেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুদ পার্টির প্রাপ্তি। অন্যদিকে, গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন ইয়াশার পার্টির ভোটের হার বেড়েছে। ভোট গণনা অব্যাহত থাকায় দলগুলোর অবস্থান ও ভোটের ব্যবধানে আরও পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটির সর্বশেষ হিসাব অনুযায়ী, ইতোমধ্যে ২১ লাখের বেশি ভোট গণনা করা হয়েছে।
প্রকাশিত পরিসংখ্যানে লিকুদ পার্টির ভোটের হার দাঁড়িয়েছে ২১ দশমিক ৭ শতাংশে। এর আগে গণনার এক পর্যায়ে দলটির ভোটের হার ছিল ২৩ দশমিক ২৪ শতাংশ। নতুন তথ্য প্রকাশের পর ভোটের শতকরা হিসাবে দলটির অবস্থান কিছুটা দুর্বল হয়েছে।
অন্যদিকে, ইয়াশার পার্টির ভোটের হার আগের ১৫ দশমিক ৪১ শতাংশ থেকে বেড়ে ১৫ দশমিক ৭২ শতাংশে পৌঁছেছে। এতে দুই দলের ভোটের ব্যবধান নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
প্রাথমিক হিসাব অনুযায়ী, ৯ দশমিক ২২ শতাংশ ভোট নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ফিলিস্তিন-ইসরায়েলি জয়েন্ট লিস্ট। আর সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের দল পেয়েছে ৮ দশমিক ২২ শতাংশ ভোট।
নির্বাচন কমিটি জানিয়েছে, এখন পর্যন্ত প্রকাশিত সংখ্যাগুলো চূড়ান্ত নয়। সব ভোট গণনা শেষ হওয়ার পর দলগুলোর প্রকৃত প্রাপ্তি ও অবস্থান সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
নির্বাচনে মোট নিবন্ধিত ভোটারের সংখ্যা ৭৩ লাখ ৩০ হাজার। এর মধ্যে ৫৬ লাখ ৯০ হাজারের বেশি ভোটার ভোট দিয়েছেন বলে প্রাথমিক তথ্যে উল্লেখ করা হয়েছে।
সদ্য সংবাদ/এসএস