সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেতা সমু চৌধুরীর একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর শুরু হয়েছে নানা আলোচনা-সমালোচনা। ভাইরাল হওয়া ভিডিওতে এক ব্যক্তির সঙ্গে উত্তেজিত অবস্থায় দেখা যায় অভিনেতাকে। এ সময় ওই ব্যক্তিকেও উত্তেজিত হতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে থাকা কয়েকজন পুলিশ সদস্য সমু চৌধুরীকে শান্ত করার চেষ্টা করেন।
শনিবার (১৫ আগস্ট) সকালে সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সেই ঘটনার দৃশ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে এ নিয়ে শুরু হয় নানা আলোচনা।
এ ব্যাপারে জানার জন্য অভিনেতাকে সংবাদমাধ্যম থেকে ফোন করা হলে ঘটনার সত্যতা জানান তিনি। তবে কেন এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তা জানতে চাওয়া হলে ফোন কেটে দেন তিনি।
এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার এলাকায় মানুষের উপস্থিতি বেশ বেশি ছিল। তখন অভিনেতাকে কেন্দ্র করে পরিস্থিতি ভিন্ন হয়। সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করা চেষ্টা চালায়। পরে অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণেও আসে।
ভিডিওটি ভাইরাল হতেই সমু চৌধুরীর আচরণ নিয়ে নানা মন্তব্য দেখা যায় সোশ্যাল মিডিয়ায়। আবার কেউ কেউ ঘটনার প্রকৃত কারণ জানতে চেয়েছেন। কেউ আবার অভিনেতার শারীরিক ও মানসিক সুস্থতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।
উল্লেখ্য, গত বছরের ১২ জুন এমন একটি ঘটনা নিয়ে আলোচনায় এসেছিলেন সমু চৌধুরী। তখন ময়মনসিংহের গফরগাঁও এলাকা থেকে বেশ অস্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়েছিল তাকে।সেই ঘটনারও একটি ভিডিও ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।
প্রসঙ্গত, মঞ্চ, টেলিভিশন ও সিনেমার বহুল পরিচিত মুখ অভিনেতা সমু চৌধুরী। ১৯৯০ সালের ২২ মার্চ বিটিভিতে তার অভিনীত প্রথম টিভি নাটক ‘সমৃদ্ধ অসীম প্রচার হয়। আতিকুল হক চৌধুরীর প্রযোজনায় এতে অভিনয় করে সাতশ টাকা সম্মানি পেয়েছিলেন। বিপুলসংখ্যক নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও অভিনয় করেছেন তিনি। ১৯৯৫ সালে পরিচালক আমজাদ হোসেনের হাত ধরে ‘আদরের সন্তান’ ছবির মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার।
সদ্য সংবাদ/এসআর