সৌদি আরবে নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দেশটিতে কর্মরত মার্কিন সরকারি কর্মীদের একটি অংশ এবং তাঁদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা ও বিমানবন্দরগুলোতে হুথিদের হামলার আশঙ্কা থেকে ওয়াশিংটন এ সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। বিশেষ করে চলমান সংঘাতের প্রভাব আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন কর্তৃপক্ষ।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বার্তায় মার্কিন দূতাবাস জানায়, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় অপ্রয়োজনীয় সরকারি কর্মী এবং তাঁদের পরিবারের সদস্যদের সৌদি আরব ছাড়তে বলা হয়েছে। একই সঙ্গে দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ অবকাঠামো ও বিমানবন্দরকে ঘিরে সম্ভাব্য হামলার বিষয়ে সতর্ক করা হয়েছে।
দূতাবাসের সতর্কবার্তায় বলা হয়েছে, চলমান শত্রুতা নির্দিষ্ট কয়েকটি এলাকার মধ্যে সীমাবদ্ধ না থেকে অন্য অঞ্চলগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। এতে সৌদি আরবের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতি হওয়ার ঝুঁকি রয়েছে।
এ পরিস্থিতিতে দেশটির বিমানবন্দরগুলোতে স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কাও জানিয়েছে মার্কিন দূতাবাস। প্রয়োজনের তাগিদে বিমানবন্দর ব্যবহার করতে হলে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।
নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় যুক্তরাষ্ট্রের এ সিদ্ধান্ত সৌদি আরবে অবস্থানরত মার্কিন সরকারি কর্মীদের জন্য সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে।
সদ্য সংবাদ/এসএস