যুক্তরাজ্যে সফররত ওমানের সুলতান হাইতাম বিন তারিকের সম্মানে আয়োজিত এক নৈশভোজে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর একটি হাদিস পাঠ করেছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। ওমানের মানুষের আতিথেয়তা ও সদাচরণের প্রসঙ্গ তুলে ধরতে তিনি হাদিসটি আরবি ভাষায় পাঠ করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) উইন্ডসর ক্যাসেলে আয়োজিত অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। ব্রিটিশ রাজপরিবারের পক্ষ থেকে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, উপস্থিত অতিথিদের সামনে মাইক্রোফোনে দাঁড়িয়ে হাদিসটি পাঠ করছেন রাজা চার্লস। এ সময় ওমানের সুলতানও সেখানে উপস্থিত ছিলেন।
হাদিসটিতে ওমানের অধিবাসীদের সদাচরণের বিষয়টি উঠে এসেছে। বর্ণনা অনুযায়ী, ইসলাম প্রচারের উদ্দেশ্যে এক সাহাবিকে একটি গোত্রের কাছে পাঠানো হলে তিনি তাদের নির্যাতনের শিকার হন। তখন মহানবী (সা.) তাঁকে বলেছিলেন, ওমানের মানুষের কাছে গেলে তারা তাঁকে গালিগালাজ বা নির্যাতন করত না।
ব্রিটিশ রাজা তাঁর বক্তব্যে একই বাণী উল্লেখ করে ওমানের মানুষের চারিত্রিক বৈশিষ্ট্যের প্রতি সম্মান জানান। হাদিসটি সহিহ মুসলিম গ্রন্থেও সংকলিত রয়েছে।
হাদিস পাঠের পর রাজা চার্লস ওমান ও যুক্তরাজ্যের মধ্যকার সম্পর্ক নিয়েও কথা বলেন। সুলতান হাইতাম বিন তারিকের সফরকে কেন্দ্র করে আয়োজিত এ নৈশভোজে দুই দেশের পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্বের বিষয়টি গুরুত্ব পায়।
সূত্র: আল-আরাবিয়া
সদ্য সংবাদ/এসএস