শুধু জুলাই সনদ নয়, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: এবি পার্টি চেয়ারম্যান মঞ্জু

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩০
এবি পার্টি-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, শুধু জুলাই সনদ নয়, ক্ষমতায় আসার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সরকার তাদের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচি বাস্তবায়নের নীতিও মানছে না। তাদের প্রাথমিক কার্যক্রমে মনে হচ্ছে, ক্রমশ তারা পুরোনো দলীয়করণ নীতিতেই চলছে এবং ভবিষ্যতেও চলবে।

আজ কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) ও দৈনিক সমকাল-এর যৌথ আয়োজনে “বিদ্যুৎ ও জ্বালানি খাত সংস্কার: জনপ্রত্যাশা” শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

বৈঠকে বিএনপির ৩১ দফা রাষ্ট্র মেরামত কর্মসূচির ১৭ নম্বর দফা পাঠ করে তিনি বলেন, বিএনপি বলেছিল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায়মুক্তি আইনসহ সকল কালাকানুন বাতিল করা হবে এবং রাষ্ট্রীয় অর্থনীতিতে রক্তক্ষরণ রোধের লক্ষ্যে জনস্বার্থবিরোধী কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ কেনায় চলমান সীমাহীন দুর্নীতি বন্ধ করা হবে। বাস্তবে ৩১ দফার ১, ৮ ও ৯ নম্বর দফা শুরুতেই বিএনপি রক্ষা করেনি বলে তিনি অভিযোগ করেন।

শাহেদ মোহাম্মদ আলী-এর সঞ্চালনায় সভায় সূচনা বক্তব্য রাখেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। বৈঠকে ধারণাপত্র তুলে ধরেন ক্যাবের প্রতিনিধি শুভ কিবরিয়া।

গোলটেবিলে অনলাইনে যুক্ত হন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। বক্তব্য রাখেন নাগরিক ঐক্য-এর সভাপতি মাহমুদুর রহমান মান্না, সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর বজলুর রশীদ ফিরোজ, ক্যাবের সেক্রেটারি অ্যাডভোকেট হুমায়ুন কবীর ভূঁইয়াসহ এনসিপি, গণসংহতি আন্দোলন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর রাজনৈতিক ও নাগরিক সমাজের নেতৃবৃন্দ।

মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, বাংলাদেশে বিদ্যুতের চাহিদা ১৮ হাজার মেগাওয়াট হলেও বিদ্যুৎ উৎপাদনের জন্য ৩২ হাজার মেগাওয়াটের বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন অবকাঠামো তৈরি করা হয়েছে। এর পেছনে বছরে ৯১ হাজার কোটি টাকা ক্যাপাসিটি চার্জের নামে দুর্নীতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি প্রশ্ন রাখেন, নির্বাচনে বড় বড় ঋণখেলাপিরা অংশ নিয়ে এমপি হওয়ার পর তারা কীভাবে এই দুর্নীতি ও অপচয় থেকে দেশকে উদ্ধার করবে? তিনি বলেন, “এই সংসদকে আমরা পর্যবেক্ষণ করব। তারা যদি রাষ্ট্রের সমস্যাকে প্রাধান্য না দিয়ে অতীতের মতো অহেতুক রাজনৈতিক বিতর্ক নিয়ে সময় কাটায়, তাহলে আমরা যারা নির্বাচনে জিততে পারিনি কিন্তু বিপুলসংখ্যক নাগরিকের সমর্থন পেয়েছি, তারা একটি ছায়া সংসদ তৈরি করতে বাধ্য হবো।”

বিদ্যুৎ ও জ্বালানি খাতে দেশের সংকট সমাধানে জনগণকে সচেতন করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ক্যাবের উচিত শুধু সিভিল সোসাইটি বা রাজনীতিবিদদের নিয়ে বৈঠক না করে সাধারণ জনগণ তথা ভোক্তাদের সচেতন করতে উদ্যোগ নেওয়া।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. বঙ্গোপসাগরে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে সুইডিশ কোম্পানিকে স্পিকারের আহ্বান সদ্য. জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় ৫৪৮ ছাত্রীর মাঝে বাইসাইকেল বিতরণ সদ্য. চট্টগ্রাম সিটির পূর্ণকালীন প্রশাসকের দায়িত্ব পেলেন মেয়র শাহাদাত সদ্য. জাপান সফরে স্ত্রী জুবাইদা রহমানসহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গী যাঁরা