ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামির দেশটির সেনাবাহিনীর ভেতর থেকে ভেঙে পড়ার সম্ভাবনার সতর্কতা দিয়েছেন। নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভার বৈঠকে তিনি উল্লেখ করেছেন, ‘আইডিএফ ভেতর থেকেই ধসে পড়ার আগে আমি ১০টি সতর্ক সংকেত দিচ্ছি।’
সামরিক সূত্র জানিয়েছে, চলমান যুদ্ধের কারণে এই জনবল সংকট আরও তীব্র হয়েছে। গাজা, লেবানন, সিরিয়া ও পশ্চিম তীরসহ বিভিন্ন ফ্রন্টে পর্যাপ্ত সেনা না থাকায় বড় ধরনের ঘাটতি তৈরি হতে পারে।
সংকটের একটি মূল কারণ হিসেবে হেরেদি (অতি-রক্ষণশীল ধর্মীয়) জনগোষ্ঠীর মধ্যে বাধ্যতামূলক সেনাসেবা আইন না থাকা উল্লেখ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুদ্ধ চলাকালীন এই প্রস্তাবিত আইন স্থগিত রেখেছেন।
বিরোধী নেতারা বিষয়টি তীব্রভাবে সমালোচনা করেছেন। বিরোধীদলীয় নেতা ইয়ার লাপিদ বলেন, ‘পরবর্তী কোনো বিপর্যয়ে সরকার বলতে পারবে না—আমরা জানতাম না।’ সাবেক সেনাপ্রধান গাদি এইসেনকতও মন্তব্য করেছেন, এখন সবার জন্য বাধ্যতামূলক সামরিক সেবা চালু করার সময় এসেছে।