বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, বিদায়ী প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ, অন্যান্য উপদেষ্টা, প্রধান নির্বাচন কমিশনারসহ বিভিন্ন পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।
এর আগে গত ২৩ ডিসেম্বর রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেন। রাষ্ট্রপতির আদেশক্রমে আইনসচিব লিয়াকত আলী মোল্লার সই করা প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে তাঁকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এবং শপথ গ্রহণের তারিখ থেকেই এ নিয়োগ কার্যকর হবে।
বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজকোর্টে এবং ১৯৮৭ সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। পরবর্তীতে ২০২৪ সালের ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিযুক্ত হন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্য থেকে আন্তর্জাতিক আইনে এলএলএম সম্পন্ন করেন।