ইসি আনোয়ারুল বলেন, 'নির্বাচনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। তফসিল ঘোষণার সুনির্দিষ্ট দিন-তারিখ পরবর্তী কমিশন সভায় চূড়ান্ত করা হবে। সারাদেশের মানুষ অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় রয়েছে। কমিশন বিশ্বাস করে, এবারের নির্বাচন ইতিহাস সৃষ্টি করবে।'
নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, 'যারা নির্বাচনে বাধা সৃষ্টি করবে, তাদের আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে প্রার্থিতা বাতিলসহ ছয় মাসের জেল বা দেড় লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।'
দুটি ভোট একসঙ্গে নেওয়ার প্রস্তুতির কথা উল্লেখ করে তিনি বলেন, 'মক ভোটিং ইতোমধ্যেই করা হয়েছে। যেহেতু একই ভোটারকে দুটি ব্যালটে ভোট দিতে হবে, তাই ভোটের সময় বাড়ানো এবং বুথ সংখ্যা বৃদ্ধি করার বিষয়টি কমিশন সক্রিয়ভাবে বিবেচনা করছে।'
মাঠ পর্যায়ে ভোটারদের আগ্রহ ও অংশগ্রহণ সম্পর্কে তিনি বলেন, 'ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসবে। রাজনৈতিক দলগুলোও তাদের উদ্দীপিত করবে। ফলে এবার ভোটার উপস্থিতি আগের নির্বাচনের তুলনায় অনেক বেশি হবে এবং নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে।'
নির্বাচন কমিশনার আরও বলেন, 'সরকার নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করছে। সব বিভাগ ইতিবাচকভাবে অংশগ্রহণ করছে, যা একটি সফল ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য গুরুত্বপূর্ণ।'