সোমবার (২৪ নভেম্বর) দেয়া এক বিবৃতিতে বিষয়টি জানায় দলটি।
বিবৃতিতে বলা হয়, মানিকগঞ্জে বাউল শিল্পী আবুল সরকারকে গ্রেফতারের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তার সমর্থকদের উপর হামলা, ধাওয়া ও ভীতি প্রদর্শনের ঘটনাকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করেছে এবং তীব্র নিন্দা জানাচ্ছে। যে মতবিরোধ বা অভিযোগই থাকুক, সহিংসতা-হয়রানি বা আইনহীনতার কোনো বৈধতা নেই।
বাংলাদেশের সাংস্কৃতিক, আধ্যাত্মিক ও ঐতিহ্যে বাউল-ফকির, সুফি-তাসাওফপন্থিসহ বিভিন্ন ধারার অবদান রয়েছে। এই বৈচিত্র্য রক্ষা করা আমাদের মানবিক রাষ্ট্রচিন্তা ও ঐতিহাসিক সম্প্রীতির ধারাবাহিকতা রক্ষা করবে। বাংলাদেশটা সবার। এখানে ভিন্নমতকে দমন নয়, বরং শোনা ও বোঝার সংস্কৃতি প্রতিষ্ঠা করতে হবে।
বিবৃতিতে আরও বলা হয়, ধর্মীয় মত বা ব্যাখ্যা নিয়ে ভিন্নতা থাকতেই পারে, কখনো তা বিতর্কের সৃষ্টি করতেও পারে। কিন্তু তার উত্তর কখনোই সহিংসতা বা প্রতিশোধ হতে পারে না। এদেশের আলেম সমাজ যুগের পর যুগ শান্তিপূর্ণ দাওয়াত, ধৈর্য, প্রজ্ঞা ও সদাচরণের মাধ্যমে দ্বীনের শিক্ষা মানুষের কাছে পৌঁছে দিয়ে আসছেন।