যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ

স
সদ্য সংবাদ ডেস্ক
৩১ অক্টোবর, ২০২৬ ২৩:০৫:১৩
ছবি: সংগৃহীত

বিএনপির সবাই চাঁদাবাজি করেন না, তবে যারা চাঁদাবাজি করেন, তাঁরা প্রত্যেকেই বিএনপির—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এমপি। শনিবার সন্ধ্যায় যশোর শহরের মুড়ালী মোড়ে ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চের পথসভায় তিনি এ মন্তব্য করেন।

সরকারের উদ্দেশে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিএনপি সরকার, আপনারা যদি ক্রসফায়ার দেওয়া শুরু করেন, তাহলে আপনাদের দলের একটা লোককেও খুঁজে পাবেন না। কারণ, ক্রসফায়ার দিতে হলে চাঁদাবাজদের দিতে হবে, টেন্ডারবাজদের দিতে হবে। যারা ব্যবসাপ্রতিষ্ঠান থেকে চাঁদা নেয়, যারা চাকরির কথা বলে ঘুষ নেয়, তাদের ক্রসফায়ার দিতে হবে। আর পুলিশ যখন এই ক্রসফায়ার দেবে, তখন আপনাদের নিজ দলের ব্যক্তিদেরই দিতে হবে।’

তিনি বলেন, তারেক রহমানকে ফিটনেসবিহীন গাড়িতে তুলে দেওয়া হয়েছে। আওয়ামী লীগ বাংলাদেশ নামের গাড়িটির ইঞ্জিন নষ্ট করে দিয়েছে। তাই রাষ্ট্র সংস্কার ছাড়া বাংলাদেশ সঠিকভাবে চলতে পারবে না।

দেশে সাম্প্রতিক সময়ে নিরাপত্তাহীনতার পরিবেশ তৈরি হয়েছে দাবি করে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আজ এমন এক পরিস্থিতিতে আপনাদের সামনে কথা বলতে এসেছি, আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তে নিরাপত্তাহীনতার পরিবেশ বিরাজ করছে। যেখানে আমাদের মন খারাপ করার অধিকার নেই, যেখানে আমরা নিরাপত্তাহীনতা নিয়ে কথা বলি, নিরাপত্তা নিয়ে কথা বলি, তখন আমরা দেখতে পাই বিএনপি সরকার পুলিশ দিয়ে বাসা থেকে জোর করে উঠিয়ে নিয়ে যায়।’

ময়মনসিংহে সাথী আক্তার নামে এক নারীকে পুলিশ বাসা থেকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেন তিনি। হাসনাত বলেন, ওই নারী বিএনপিকে ভোট দিয়ে ভুল করেছেন এবং দলটিকে ভোট দেওয়া তাঁর উচিত হয়নি বলে দাবি করেছিলেন। ফেসবুক লাইভে এ বক্তব্য দেওয়ার পর পুলিশ তাঁকে বাসা থেকে ধরে নিয়ে যায়। তিনি বলেন, ‘আমরা এমন এক সময়ে কথা বলছি, যখন প্রতিবাদ করলে আইজিপি আমাদের ক্রসফায়ারের ভয় দেখান।’

কর্মসংস্থানের সংকট নিয়েও সরকারের সমালোচনা করেন এনসিপির এই নেতা। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে ছেলেরা পড়াশোনা শেষ করে চাকরির আশায় ঘরে ঘরে যেতে হয়, দুয়ারে দুয়ারে ফিরতে হয়, কিন্তু চাকরি নেই। আমরা দেখলাম, জাপান থেকে ফিরে এসে সরকার একধরনের অসত্য তথ্য প্রচার করল। জাপান নাকি এক লাখ মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। কিন্তু জাপান সরকার বলল, তাদের সঙ্গে এমন কোনো চুক্তি হয়নি।’

মালয়েশিয়া সফর নিয়েও একই ধরনের বক্তব্য দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। হাসনাত বলেন, ‘মালয়েশিয়া থেকে ফিরে এসে বলা হলো, দুই লাখ কর্মসংস্থান করা হবে। কিন্তু মালয়েশিয়া বলল, এমন কোনো চুক্তি হয়নি। আমাদের দেশের মানুষ ভাত চায়, কর্মসংস্থান চায়, নিরাপদে বাঁচতে চায়। বিএনপি সরকার, আমাদের বাঁচতে দিন, আমাদের কর্মসংস্থান দিন। না হলে দেশের জনতা আবার রাস্তায় নেমে আসবে।’

রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়িত না হওয়ার অভিযোগ তুলে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘নির্বাচনের আগে আমাদের বলা হয়েছিল, রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত সংস্কার করা হবে। কিন্তু কিছুদিন আগে আমরা দেখলাম, বাংলাদেশের ব্যাংকগুলোর এমন পরিস্থিতি তৈরি করা হয়েছে যে, বিভিন্ন প্রাইভেট কোম্পানির লোকদের এনে সোনালী, রূপালী, জনতা ও অগ্রণী ব্যাংকের এমডি হিসেবে বসানো হচ্ছে। অথচ, এই ব্যাংকগুলো ঋণখেলাপিদের কারণে সংকটে পড়েছে। ব্যাংকগুলোকে আবার ঘুরে দাঁড় করানোর কোনো প্রকল্প এই বিএনপি সরকারের নেই।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। হাসনাত বলেন, ‘জনাব তারেক রহমান এসে বলেছিলেন, “হি হ্যাজ আ প্ল্যান”। কিন্তু আমরা দেখতে পেলাম, তাঁর এমন পরিকল্পনা, যেখানে নেতার হাতে কর্মীকে খুন হতে হয়। এমপির ছেলের হাতে কর্মীকে খুন হতে হয়। নিজের দলের হাতে নিজের দলের নেতা-কর্মীদের খুন হতে হয়। এই ধরনের মাস্টারপ্ল্যান আমরা চাইনি। আমরা চেয়েছিলাম দেশ গড়ার পরিকল্পনা। কিন্তু দেখতে পেলাম, বিএনপির কোনো পরিকল্পনাই নেই।’

দুপুর থেকে শুরু হওয়া এ পথসভায় সভাপতিত্ব করেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও যশোর জেলা জামায়াতের আমির অধ্যাপক গোলাম রসুল। সভায় বক্তব্য দেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান, দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক, নায়েবে আমির হামিদ হোসেন আজাদ, জাতীয় গণতান্ত্রিক পার্টির মুখপাত্র রাশেদ প্রধান এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ অনেকে। সূত্র: সমকাল​


সদ্য সংবাদ/ এরআর

রাজনীতি ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ সদ্য. জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী সদ্য. সিসিটিভিতে নতুন তথ্য, সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ সদ্য. সারাদেশের কোমর ভাঙা, সংস্কার করতে হবে: বিরোধীদলীয় নেতা সদ্য. এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ সদ্য. তাহসিফ হত্যা মামলায় গ্রেপ্তার দীপের ৪ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. যারা চাঁদাবাজি করে তারা প্রত্যেকেই বিএনপির: হাসনাত আবদুল্লাহ সদ্য. জামায়াতের লংমার্চ ফেরত বাসের ধাক্কায় পথচারী নিহত, খাদে পড়ে আহত ২০ নেতাকর্মী সদ্য. চাকরি থেকে বরখাস্ত হলেন পুলিশের ৬ কর্মকর্তা সদ্য. আড়াই বছর পর চাকরি হারালেন ‘ভাতের হোটেলের’ ডিবি হারুন সদ্য. মিরপুর-১০ নম্বরে সড়ক দখলে নিয়ে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ