আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। একই দিনে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের বিষয়ে গণভোটও অনুষ্ঠিত হবে। এই গণভোটে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
নির্বাচন সামনে রেখে সারা দেশে ভোটার সচেতনতা ও প্রচারণার লক্ষ্যে সোমবার (২২ ডিসেম্বর) শুরু হওয়া ‘ভোটের গাড়ি’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ড. মুহাম্মদ ইউনূস বলেন, “বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। সামনে আমাদের জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ওপর গণভোট।”
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি তরুণ সমাজ, নারী ভোটার এবং প্রথমবারের ভোটারদের প্রতি—আপনারা এগিয়ে আসুন। প্রশ্ন করুন, জানুন, বুঝুন এবং ভোট দিন। আপনার সিদ্ধান্তই গড়ে তুলবে আগামী দিনের বাংলাদেশ—নতুন বাংলাদেশ।”
তিনি আরও বলেন, “আপনি দেশের মালিক। আগামী পাঁচ বছর দেশ কোন পথে চলবে, তা আপনি ভোটের মাধ্যমে নির্ধারণ করবেন। সৎ, যোগ্য ও সমর্থ প্রার্থী বেছে নিয়ে চিন্তাভাবনা করে ভোট দিন।”
গণভোট প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বলেন, “এবারের নির্বাচনে আপনি আরেকটি গুরুত্বপূর্ণ ভোট দেবেন—জুলাই সনদে ভোট। দীর্ঘ নয় মাস ধরে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে এই সনদ তৈরি হয়েছে। জনগণ এই সনদ সমর্থন করলে দেশ আগামী বহু বছর নিরাপদ ও স্থিতিশীল পথে চলবে। তাই যারা এই সনদের পক্ষে, তারা গণভোটে অবশ্যই ‘হ্যাঁ’ ভোট দেবেন।”
তিনি জানান, নির্বাচনী প্রচারণা ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে ১০টি ‘ভোটের গাড়ি’ বা সুপার ক্যারাভান যাত্রা শুরু করেছে। এসব গাড়ি দেশের সব জেলা ও উপজেলায় ঘুরে ভোটাধিকার, নির্বাচন ও গণভোট সংক্রান্ত তথ্য জনগণের কাছে পৌঁছে দেবে।
ড. ইউনূস বলেন, “ভোটাধিকার কারও দয়া নয়—এটি আমাদের সাংবিধানিক অধিকার। এই অধিকার প্রয়োগের মাধ্যমেই আমরা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করি। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা শুধু সরকারের নয়, প্রতিটি নাগরিকের দায়িত্ব।”
অনুষ্ঠানে উপস্থিত থেকে ফিতা কেটে ভোটের গাড়ির উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।