জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে আশ্রয় না দিয়ে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেন, 'এই রায় নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই। বিচার স্বচ্ছ ও আন্তর্জাতিক মানদণ্ডে হয়েছে। পলাতক দণ্ডপ্রাপ্ত আসামিকে যে দেশ আশ্রয় দেবে, তারা অপরাধীর পক্ষেই অবস্থান নেবে। সৎ প্রতিবেশী হিসেবে ভারতকে অবশ্যই শেখ হাসিনাকে ফেরত পাঠাতে হবে।'
এদিকে রায়কে স্বাগত জানিয়েছে ইসলামী ছাত্রশিবিরও। সংগঠনের সভাপতি জাহিদুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম এক যৌথ বিবৃতিতে বলেন, দেশের জনগণের বহুদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। ভারত যদি পলাতক আসামিদের ফেরত না দেয়, দুই দেশের সম্পর্ক ক্ষতিগ্রস্ত হবে।
এদিকে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ বলেন, 'হাজারো শহীদের রক্তের প্রতি ন্যায়বিচার নিশ্চিত করতে শেখ হাসিনা ও তার সহযোগীদের সর্বোচ্চ শাস্তিই কাম্য ছিল। আশা করি, সরকার দ্রুত তাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেবে।'
রায় ঘোষণার সময় ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন ডাকসুর বর্তমান নেতারাও। ডাকসু ভিপি সাদিক কায়েম আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে অবিলম্বে ফেরত আনার দাবি জানান।
ডাকসুর জিএস এসএম ফরহাদ বলেন, 'রায়ে শহীদ পরিবারগুলোর দীর্ঘদিনের ক্ষোভ কিছুটা হলেও লাঘব হয়েছে।'
সদ্য সংবাদ/এমটি