জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া যোদ্ধাদের দায়মুক্তি দিতে একটি অধ্যাদেশের খসড়া প্রস্তুত করেছে আইন মন্ত্রণালয়। শিগগিরই এটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।
পোস্টে ড. আসিফ নজরুল লেখেন, জুলাই যোদ্ধারা জীবন বাজি রেখে দেশকে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্ত করেছেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় ফ্যাসিস্ট শেখ হাসিনার খুনিদের বিরুদ্ধে তারা যে প্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করেছেন, সে কারণে তাদের দায়মুক্তি দেওয়ার অধিকার রয়েছে এবং এ বিষয়ে আইন প্রণয়ন প্রয়োজন।
তিনি আরও বলেন, 'এ ধরনের আইন প্রণয়ন সম্পূর্ণ বৈধ। বিশ্বের বিভিন্ন দেশে—বিশেষ করে আরব বসন্ত ও সমসাময়িক গণঅভ্যুত্থানের পর জনধিকৃত সরকারের পতনের পর দায়মুক্তি আইন প্রণয়নের নজির রয়েছে। বাংলাদেশের সংবিধানের ৪৬ অনুচ্ছেদেও দায়মুক্তি আইনের বৈধতার কথা বলা হয়েছে।'
একই সঙ্গে ১৯৭৩ সালে মহান মুক্তিযুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের জন্য দায়মুক্তি আইন প্রণীত হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।
আইন উপদেষ্টা জানান, এসব নজির ও আইনি ভিত্তির আলোকে আইন মন্ত্রণালয় ইতোমধ্যে দায়মুক্তি অধ্যাদেশের একটি খসড়া তৈরি করেছে। ইনশাআল্লাহ্ আগামী উপদেষ্টামণ্ডলীর বৈঠকে এটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
পোস্টের শেষে তিনি বলেন, 'জুলাইকে নিরাপদ রাখা আমাদের পবিত্র দায়িত্ব।'