চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল বলে জানিয়েছেন তাঁর চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, খালেদা জিয়া বর্তমানে একটি সংকটময় সময় পার করছেন।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত ব্রিফিংয়ে ডা. জাহিদ হোসেন বলেন, “স্বাভাবিকভাবে ওনার অবস্থার উন্নতি হয়েছে—এ কথা বলা যাবে না। ওনার অবস্থা অত্যন্ত জটিল এবং উনি একটি সংকটময় মুহূর্ত পার করছেন।”
তিনি জানান, গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি হওয়ার পর তাঁর শারীরিক অবস্থার উল্লেখযোগ্য অবনতি ঘটে। এ কারণে প্রথমে কেবিন থেকে সিসিইউ এবং পরবর্তীতে তাঁকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের অধীনে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এ চিকিৎসা কার্যক্রমে তাঁর পুত্রবধূ ডা. জুবাইদা রহমানও যুক্ত রয়েছেন।
এর আগে ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফিরে গত বৃহস্পতিবার তারেক রহমান মাকে দেখতে হাসপাতালে যান। শনিবারও তিনি দিনভর কর্মসূচি শেষে আবার হাসপাতালে গিয়ে দুই ঘণ্টার বেশি সময় মায়ের পাশে ছিলেন। রাত ১১টা ৫৮ মিনিটে তিনি হাসপাতাল ত্যাগ করেন।
বর্তমানে খালেদা জিয়া ডায়াবেটিস, কিডনি, হৃদ্যন্ত্র ও ফুসফুসজনিত নানা জটিলতায় ভুগছেন। এসব সমস্যার ওঠানামার কারণে নিয়মিত তাঁর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলে জানান চিকিৎসকেরা।
বিএনপির পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নেওয়ার দাবি জানানো হলেও, শারীরিক অবস্থা আকাশযাত্রার উপযোগী না হওয়ায় তা সম্ভব হয়নি। ফলে দেশেই তাঁর চিকিৎসা অব্যাহত রয়েছে।