লেবাননের দক্ষিণাঞ্চলের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলের ড্রোন হামলায় ১৩ জন নিহত হয়েছেন। ড্রোন হামলায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আল জাজিরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) উপকূল তীরবর্তী শহর সাইদার কাছে আইন আল-হিলওয়ে শরণার্থী শিবিরে মসজিদের পার্কিং লটে থাকা একটি গাড়িতে ড্রোন হামলা চালায় ইসরায়েল।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ১৩ জন নিহতের পাশাপাশি আরও চারজন আহত হয়েছেন। আহতদের আশপাশের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে, শিবিরের ভেতরে তৎপরতা চালানো হামাস সদস্যদের লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।
ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র আভিখাই আদ্রেয়ি এক বিবৃতিতে বলেন, ‘উত্তর সীমান্তে কোনও ধরনের হুমকি আমরা বরদাস্ত করবো না। ওই অঞ্চলে থাকা সকল সক্রিয় সন্ত্রাসী গোষ্ঠীই আমাদের টার্গেটে রয়েছে। লেবাননে হামাসের উপস্থিতি গড়ে তোলার চেষ্টা এবং আমাদের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলার যেকোনো তৎপরতার বিরুদ্ধে আমরা শক্ত হাতে ব্যবস্থা নেব।’
ইসরায়েলের এ দাবি প্রত্যাখ্যান করে হামাস জানিয়েছে, শরণার্থী শিবিরে তাদের কোনও প্রশিক্ষণ কেন্দ্র নেই। এই হামলাকে তারা নিরীহ ফিলিস্তিনি জনগণ ও লেবাননের সার্বভৌমত্বের ওপর বর্বর আক্রমণ বলে আখ্যা দিয়েছে।