জামালপুরে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) জামালপুর ডক্টরস হাসপাতালে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ইমন হোসেন।
অভিযানকালে হাসপাতালটিতে সার্বক্ষণিক মেডিকেল অফিসার না থাকা, অপারেশন থিয়েটারে যথাযথ পরিবেশ ও স্বাস্থ্যবিধি বজায় না রাখা এবং লাইসেন্স নবায়ন না করেই বেসরকারি হাসপাতাল পরিচালনাসহ একাধিক অনিয়ম পাওয়া যায়।
এসব অনিয়মের দায়ে মোবাইল কোর্টের মাধ্যমে হাসপাতাল কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা (পঁচিশ হাজার টাকা) অর্থদণ্ড আরোপ করা হয়।
অভিযান পরিচালনাকালে হাসপাতালের প্রয়োজনীয় কাগজপত্র, চিকিৎসাসেবা পরিচালনার পরিবেশ এবং রোগীদের নিরাপত্তাসহ বিভিন্ন বিষয় পরিদর্শন করা হয়। এ সময় বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরকারি বিধি-বিধান যথাযথভাবে মেনে চলার নির্দেশনা দেওয়া হয়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বাস্থ্য ও চিকিৎসাসেবার মান নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/এসকে