চট্টগ্রামের বাঁশখালীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নামে শেখ হাসিনার দেশে ফেরার প্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ উদ্দেশ্যে সিএনজিচালিত অটোরিকশায় মাইক বসিয়ে উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা চালানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘিরে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি সামনে আসে। এর আগে একই দিন দুপুর ২টা থেকে বাঁশখালী উপজেলার কাথরিয়া ইউনিয়নের বিভিন্ন সড়কে মাইকিং করা হয় বলে জানা গেছে।
ছড়িয়ে পড়া ২ মিনিট ৫৬ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, একটি সিএনজিচালিত অটোরিকশায় মাইক স্থাপন করে পূর্বে ধারণ করা বক্তব্য প্রচার করা হচ্ছে। এতে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন বক্তব্য শোনা যায়।
ভিডিওতে প্রচারণার সঙ্গে সংশ্লিষ্ট সংগঠন হিসেবে ‘বাঁশখালী উপজেলা ছাত্রলীগ, চট্টগ্রাম দক্ষিণ’-এর নাম উল্লেখ করা হয়েছে। তবে এই কর্মসূচির সঙ্গে কারা সরাসরি জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক জানান, এলাকায় এ ধরনের মাইকিংয়ের বিষয়ে তিনি অবগত নন। বিষয়টি খোঁজ নিয়ে প্রয়োজনীয় তথ্য জানাবেন।
সদ্য সংবাদ/এসএস