ঢাকার আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকার (ডিইপিজেড) সামনের সরকারি জায়গা দখল করে দোকান পরিচালনার অভিযোগ উঠেছে রিয়াজ নামে এক ব্যক্তির বিরুদ্ধে। ফুটপাত ও ফুটওভারব্রিজের নিচের জায়গায় এসব দোকান বসিয়ে অগ্রিম টাকা এবং মাসিক ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, নিজের প্রতিবন্ধী ছেলের নাম ব্যবহার করে দীর্ঘদিন ধরে এই ভাড়া বাণিজ্য চালিয়ে আসছেন রিয়াজ। এভাবে দোকান পরিচালনার মাধ্যমে তিনি লাখ লাখ টাকা অগ্রিম ও নিয়মিত মাসিক ভাড়া আদায় করছেন বলে অভিযোগ উঠেছে।
বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্ট সড়ক ও জনপথ বিভাগ থেকে দোকানগুলো সরিয়ে নিতে রিয়াজকে নোটিশ দেওয়া হয় বলে জানা গেছে। কিন্তু নোটিশ জারির পরও দোকানগুলো সরানো হয়নি। সরকারি জায়গা দখল করে ব্যবসা চলতে থাকায় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
সম্প্রতি সরেজমিনে দেখা যায়, ডিইপিজেডের সামনের ফুটপাত ও ফুটওভারব্রিজের নিচে আগের মতোই একাধিক দোকান চালু রয়েছে। দোকানগুলোতে কর্মরত ব্যক্তিদের কেউ কেউ নিজেদের রিয়াজের আত্মীয় বলে পরিচয় দেন। আবার কেউ জানান, দোকানগুলোর ব্যবসা রিয়াজের হলেও তাঁরা সেখানে দায়িত্ব পালন করছেন।
এক দোকানি সদ্য সংবাদকে জানান, তিনি রিয়াজের অধীনে মাসিক বেতনে কাজ করেন। তবে এসব দোকান পরিচালনার বৈধ অনুমতিপত্র কিংবা সরকারি বরাদ্দের কোনো নথি দেখাতে পারেননি তিনি।
এদিকে সরকারি জায়গা ব্যবহারের বিনিময়ে অগ্রিম ও মাসিক ভাড়া আদায়ের অভিযোগের পরও দোকানগুলো উচ্ছেদ না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তাঁদের দাবি, সড়ক ও জনপথ বিভাগের দেওয়া নোটিশ কার্যকর করে সরকারি জায়গা দখলমুক্ত করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
সরকারি নোটিশের পরও দোকানগুলো কীভাবে বহাল রয়েছে এবং এর পেছনে কারও সহযোগিতা রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সদ্য সংবাদ/এসএস