চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিষিদ্ধ এস্কাফ সিরাপের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৫০ বোতলসহ মোঃ সুফিয়ান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ নভেম্বর) সকাল ৯টা ৫ মিনিটে উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর ব্রিজ মোড় বাজার এলাকায় এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার সুফিয়ান তারাপুর ঝাইটনপাড়া গ্রামের মৃত একরামুল হকের ছেলে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে শিবগঞ্জ থানার একটি দল অভিযানটি পরিচালনা করে। চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নির্দেশনা এবং শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার তত্ত্বাবধানে এসআই আবু সাব্বির রাবুর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় সুফিয়ানের হেফাজত থেকে ৫০ বোতল এস্কাফ সিরাপ জব্দ করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
মাদকসংক্রান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতা চেয়েছে পুলিশ। এ ধরনের অপরাধের তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানিয়ে তথ্যদাতার পরিচয় গোপন রাখার আশ্বাস দেওয়া হয়েছে।
সদ্য সংবাদ/এজে