পাহাড়ের নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা এবং বেকার তরুণ-তরুণীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে নতুন সম্ভাবনা তৈরি করছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। রাঙামাটিতে প্রতিষ্ঠানটির উদ্যোগে আটটি ট্রেডের ৩০টি কোর্সে প্রায় ২৮০ জনকে কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণার্থীদের প্রায় ৯০ শতাংশই নারী। প্রশিক্ষণ শেষে তাঁদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ।
সোমবার (২৩ নভেম্বর) রাঙামাটি বিসিক কার্যালয়ে আয়োজিত প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু এ সহযোগিতার আশ্বাস দেন।
তিনি বলেন, শুধু প্রশিক্ষণ দিয়েই দায়িত্ব শেষ করতে চায় না জেলা পরিষদ। প্রশিক্ষণার্থীদের মধ্যে যাঁরা ভালো দক্ষতা ও কাজের সক্ষমতা দেখাতে পারবেন, তাঁদের প্রয়োজন অনুযায়ী কম্পিউটারসহ বিভিন্ন সরঞ্জাম দিয়ে সহযোগিতা করা হবে। পাশাপাশি নতুন উদ্যোক্তা হিসেবে আত্মপ্রকাশ করতে আগ্রহীদের পাশেও থাকবে জেলা পরিষদ।
চেয়ারম্যান আরও জানান, কম্পিউটার প্রশিক্ষণে ভালো ফলাফল ও দক্ষতার পরিচয় দেওয়া প্রশিক্ষণার্থীদের ল্যাপটপ পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া বিসিক কার্যালয়ের ভেতরে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি বেকারি স্থাপনের উদ্যোগ নেওয়া হবে। সেখানে প্রশিক্ষণের পাশাপাশি বেকারি পণ্য উৎপাদনের ব্যবস্থা থাকবে। এতে প্রশিক্ষণার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন এবং ভবিষ্যতে নিজেরাই বেকারি ব্যবসা শুরু করতে পারবেন।
বিসিক সূত্রে জানা গেছে, চলমান প্রশিক্ষণ কার্যক্রমে সেলাই, বাটিক, কম্পিউটার, প্লাস্টিকের পুঁতির কাজ ও বেকারি পণ্য তৈরি ছাড়াও মোট আটটি ট্রেড অন্তর্ভুক্ত রয়েছে। এসব বিষয়ে ৩০টি কোর্সে প্রায় ২৮০ জন প্রশিক্ষণ নিচ্ছেন। কোর্সভেদে প্রশিক্ষণের মেয়াদ পাঁচ দিন থেকে ছয় মাস পর্যন্ত। এর মধ্যে সেলাই প্রশিক্ষণের মেয়াদ তিন মাস এবং বাটিক ও বেকারি প্রশিক্ষণের মেয়াদ দুই মাস।
স্থানীয় চাহিদা ও কর্মসংস্থানের সম্ভাবনা বিবেচনায় বেকারি পণ্য তৈরি, প্লাস্টিকের পুঁতির কাজ এবং কম্পিউটার প্রশিক্ষণে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, এসব প্রশিক্ষণ কাজে লাগিয়ে বিশেষ করে নারীরা ঘরে বসেই আয়ের সুযোগ তৈরি করতে পারবেন। পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা ও উদ্যোক্তা কার্যক্রমের মাধ্যমে স্থানীয় অর্থনীতিতেও ইতিবাচক ভূমিকা রাখতে পারবেন তাঁরা।
তবে প্রশিক্ষণপ্রাপ্ত ব্যক্তিদের দক্ষতাকে বাস্তব কর্মসংস্থানে রূপ দিতে পুঁজি, প্রয়োজনীয় সরঞ্জাম ও উৎপাদিত পণ্যের বাজার নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন। সভাপতিত্ব করেন বিসিকের রাঙামাটি শিল্পনগরীর সহকারী মহাব্যবস্থাপক (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ইসমাইল হোসেন। এ সময় বিসিকের কর্মকর্তা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো রাঙামাটি বিসিক কার্যালয় পরিদর্শন করেন দীপন তালুকদার দীপু। পরিদর্শনকালে তিনি বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম ঘুরে দেখেন এবং প্রশিক্ষণার্থীদের সঙ্গে কথা বলেন।
সদ্য সংবাদ/ এরআর