জামালপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে মামলা হয়েছে। মামলায় জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামানসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
গত ২০ নভেম্বর সকালে জামালপুর শহরের ভোকেশনাল মোড় এলাকায় নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে এ মামলা করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, জামালপুর পৌরসভার ভোকেশনাল মোড় থেকে রাজিব বাস কাউন্টার পর্যন্ত সড়কে ব্যানার নিয়ে সমবেত হন আসামিরা। এ সময় তাঁদের হাতে লাঠি, রড, পেট্রোলবোমাসহ বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল বলে অভিযোগ করা হয়েছে। তাঁরা বিভিন্ন স্লোগান দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন। একপর্যায়ে সড়কের ওপর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী ছাইদুর রহমান জামালপুর পৌরসভার খুপিবাড়ি গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। এজাহারে তিনি নিজেকে জেলা শ্রমিক ইউনিয়নের কার্যকরী সদস্য বলে উল্লেখ করেছেন। তাঁর অভিযোগ, ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পেট্রোলের বোতল, লাঠি, রক্তমাখা কাপড় ও ব্যানারসহ বিভিন্ন আলামত উদ্ধার করে।
মামলার ১৬ নম্বর আসামি হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মো. সুরুজ্জামানের নাম উল্লেখ রয়েছে। এ ছাড়া জামালপুর পৌর ও জেলা ছাত্রলীগ, যুবলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামি করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব জানান, এ ঘটনায় ২৭ জনের নাম উল্লেখ করে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। এ মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সদ্য সংবাদ/ এরআর