নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে এক জুনিয়র নারী সহকর্মীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ার পর পেশাগতভাবে বড় ধরনের সংকটে পড়েছেন মার্কিন আইনজীবী নাথানিয়েল ক্যালেরটন। আলোচিত আইন প্রতিষ্ঠান ওয়াচটেল লিপটনের এই পার্টনারকে প্রতিষ্ঠান থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া এগোচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
৪৫ বছর বয়সী ক্যালেরটনের সঙ্গে ২৯ বছর বয়সী জুনিয়র অ্যাসোসিয়েট কেলসি বোরেঞ্জওয়েগের ঘনিষ্ঠতার দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়। ঘটনাটি প্রকাশ্যে আসার পরই ক্যালেরটনের পেশাগত ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়।
ঘটনার আগে আরেক শীর্ষস্থানীয় আইন প্রতিষ্ঠান জিবসন ডানে যোগ দেওয়ার সুযোগ পেয়েছিলেন ক্যালেরটন। তবে ভিডিওটি ভাইরাল হওয়ার পর সেই সম্ভাবনাও আর বাস্তবায়িত হয়নি বলে জানা গেছে।
পরবর্তীতে ওয়াচটেল কর্তৃপক্ষ বিষয়টি অভ্যন্তরীণভাবে খতিয়ে দেখার সিদ্ধান্ত নেয়। তদন্ত চলাকালে ক্যালেরটন কয়েক সপ্তাহের জন্য ছুটিতে যান। বর্তমানে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানের কর্মী হিসেবে তালিকাভুক্ত থাকলেও তার সঙ্গে প্রতিষ্ঠানটির সম্পর্ক শেষ করার প্রক্রিয়া চলছে বলে একাধিক সূত্র জানিয়েছে।
তবে তাকে ইতোমধ্যে বরখাস্ত করা হয়েছে এমন দাবি নিশ্চিত নয়। সংশ্লিষ্টদের ভাষ্য, প্রশাসনিকভাবে তার চাকরির অবস্থান এখনো বহাল রয়েছে এবং ছুটির মেয়াদেই তিনি আছেন। তার বেতন-ভাতা চালু রয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
ক্যালেরটন ও তার জুনিয়র সহকর্মীর সম্পর্ক নিয়ে মূল প্রশ্ন তৈরি হয়েছে তাদের পেশাগত অবস্থান ঘিরে। একই লিটিগেশন বিভাগে কাজ করলেও ক্যালেরটন ছিলেন পার্টনার পর্যায়ের কর্মকর্তা, আর বোরেঞ্জওয়েগ ছিলেন জুনিয়র অ্যাসোসিয়েট। ফলে তাদের সম্পর্ক কর্মক্ষেত্রে ক্ষমতার ভারসাম্য ও পেশাগত নীতিমালা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে।
এদিকে ওয়াচটেলের লিটিগেশন বিভাগ এর আগেও বড় কয়েকটি পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রভাবশালী আইনজীবী স্যাভিটসহ একাধিক পার্টনার জিবসন ডানে যোগ দিয়েছেন। ক্যালেরটনেরও ওই দলে যাওয়ার কথা থাকলেও ভাইরাল ভিডিওর পর তার সেই পরিকল্পনা ভেস্তে যায়।
স্যাভিটের ক্ষেত্রেও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে আলোচনা রয়েছে। ওয়াচটেলে থাকাকালে সহকর্মী সারা এডির সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছিল বলে বিভিন্ন সূত্রের দাবি। তবে দুজনের মধ্যে অধস্তন-উর্ধ্বতন সম্পর্ক ছিল না এবং প্রতিষ্ঠানটির নীতিতেও সম্মতিপূর্ণ সহকর্মী সম্পর্কের ওপর সরাসরি নিষেধাজ্ঞা ছিল না বলে জানা গেছে।
এদিকে জিবসন ডানে যোগ দেওয়ার পর স্যাভিটকে বড় অঙ্কের পারিশ্রমিক দেওয়ার খবরও সামনে এসেছে। তিন বছরের চুক্তিতে প্রায় ৯ কোটি ৬০ লাখ ডলার দেওয়ার কথা বিভিন্ন প্রতিবেদনে বলা হলেও তার ঘনিষ্ঠ একটি সূত্র এই তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছে।
সব মিলিয়ে সেন্ট্রাল পার্কের কয়েক মুহূর্তের সেই ভিডিও ক্যালেরটনের ব্যক্তিগত জীবনকে ছাপিয়ে তার পেশাগত ভবিষ্যৎকেও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। ওয়াচটেল, ক্যালেরটন কিংবা সংশ্লিষ্ট অন্য পক্ষগুলোর কেউই এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি।
সদ্য সংবাদ/এসএস