সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট চলাচল পুনরায় বাড়ানো হচ্ছে। দেশটির বিমানবন্দরগুলোর নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হওয়ায় ঢাকা থেকে দাম্মাম ও জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনার নতুন সূচি ঘোষণা করেছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটি।
নতুন সূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টা থেকে ঢাকা-দাম্মাম রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। আগামী ২৬ অক্টোবর পর্যন্ত প্রতিদিন একই সময়ে ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে উড়োজাহাজ ছেড়ে যাবে। এ রুটে যাত্রী পরিবহনে বোয়িং ৭৭৭ উড়োজাহাজ ব্যবহার করা হবে।
জেদ্দা রুটেও ফ্লাইট পরিচালনা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে বিমান। বৃহস্পতিবার ঢাকা থেকে জেদ্দায় দুটি ফ্লাইট পরিচালিত হওয়ার কথা রয়েছে। এরপর ২৩, ২৪ ও ২৫ অক্টোবর প্রতিদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিটে একটি করে ফ্লাইট ঢাকা ছেড়ে যাবে।
তবে মদিনা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কার্যক্রমে কোনো পরিবর্তন আনা হয়নি। আগের সময়সূচি অনুযায়ী এ রুটে ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিমান কর্তৃপক্ষের পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত মদিনাগামী ফ্লাইটের সময়সূচি অপরিবর্তিত থাকবে। সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে অন্যান্য রুটের ফ্লাইট পরিচালনার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
সদ্য সংবাদ/এসএস