স্কুলের গণ্ডি পেরোনোর আগেই পড়াশোনা ছেড়ে কাজে নেমেছিলেন। ঘড়ির কাচ তৈরির কারখানায় দৈনিক মজুরি পেতেন মাত্র ১ ডলার ২০ সেন্ট। সেই শ্রমিকই এখন চীনের সবচেয়ে ধনী নারী। তিনি ঝৌ ছুনফেই। প্রযুক্তি প্রতিষ্ঠান লেন্স টেকনোলজির প্রতিষ্ঠাতা এই নারীর বর্তমান সম্পদের পরিমাণ ১২৭ বিলিয়ন ইউয়ান, যা প্রায় ১৯ বিলিয়ন ডলারের সমান।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দি ইনডিপেনডেন্টের শুক্রবারের (৩০ অক্টোবর) প্রতিবেদন অনুযায়ী, গত বুধবার (২৮ অক্টোবর) প্রকাশিত হুরুন রিচেস্ট উইমেন ইন চায়না ২০২৬ তালিকায় শীর্ষস্থান ফিরে পেয়েছেন ৫৬ বছর বয়সী ঝৌ। গত এক বছরে তাঁর সম্পদ বেড়েছে ১৫ শতাংশ। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন হ্যানসোহ ফার্মাসিউটিক্যালের প্রতিষ্ঠাতা ঝং হুইজুয়ান। তাঁর সম্পদের পরিমাণ ১২৪ বিলিয়ন ইউয়ান।
১৯৭০ সালে চীনের হুনান প্রদেশে জন্মগ্রহণ করেন ঝৌ। কিশোর বয়সেই পড়াশোনা ছেড়ে শেনজেনে চলে যান তিনি। সেখানে একটি ঘড়ির কাচ তৈরির কারখানায় কাজ শুরু করেন। দৈনিক মজুরি ছিল মাত্র ১ ডলার ২০ সেন্ট। তবে কারখানায় কাজ করার সময়ই কাচ প্রক্রিয়াজাতকরণ ও নকশা তৈরির বিভিন্ন কৌশল রপ্ত করেন তিনি।
মাত্র ২৩ বছর বয়সে নিজেই একটি কাচ প্রক্রিয়াজাতকরণ কর্মশালা প্রতিষ্ঠা করেন ঝৌ। পরবর্তী সময়ে গড়ে তোলেন লেন্স টেকনোলজি। স্মার্টফোনের পর্দার জন্য কাচের কভার তৈরিতে প্রতিষ্ঠানটি দ্রুত গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করে। ২০০৭ সালে অ্যাপলের প্রথম আইফোনের জন্য কাচের কভার সরবরাহের সুযোগ পাওয়ার পর প্রতিষ্ঠানটির ব্যবসা উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হয়। ২০১১ থেকে ২০১৪ সালের প্রথমার্ধ পর্যন্ত লেন্স টেকনোলজির মূল ব্যবসার প্রায় অর্ধেক রাজস্ব এসেছিল অ্যাপলের কাছ থেকে।
২০১৫ সালের মার্চে শেনজেন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয় লেন্স টেকনোলজি। এর ফলে ঝৌয়ের সম্পদ দ্রুত বাড়তে থাকে। একই বছর প্রথমবারের মতো চীনের শীর্ষ ধনী নারীর স্বীকৃতি পান তিনি।
তবে ২০১৮ সালে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্যযুদ্ধ এবং অ্যাপলের বিক্রি নিয়ে উদ্বেগের কারণে প্রতিষ্ঠানটির শেয়ারের দাম কমে যায়। এতে ঝৌয়ের সম্পদেও বড় ধরনের ধাক্কা লাগে। পরবর্তী সময়ে স্মার্টফোনের পাশাপাশি বৈদ্যুতিক গাড়ি, কৃত্রিম বুদ্ধিমত্তাসংশ্লিষ্ট যন্ত্রাংশ ও রোবটিকস খাতে ব্যবসা সম্প্রসারণ করে লেন্স টেকনোলজি। ২০২৫ সালের জুলাইয়ে হংকংয়ে দ্বিতীয়বারের মতো শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়ে ব্যবসা সম্প্রসারণের জন্য অর্থ সংগ্রহ করে প্রতিষ্ঠানটি।
প্রযুক্তি খাতে ঝৌয়ের অবস্থান আরও আলোচনায় আসে গত ১৪ মে বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আয়োজিত এক রাষ্ট্রীয় নৈশভোজে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে তাঁর আসন ছিল অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুক ও টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্কের মাঝখানে।
সম্প্রতি পুজিয়াং ইনোভেশন ফোরাম ২০২৬-এ ঝৌ বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে শুধু কম্পিউটিং সক্ষমতা ও অ্যালগরিদমের ওপর নির্ভর করলেই চলবে না। পুরো প্রযুক্তিব্যবস্থায় ধারাবাহিক উদ্ভাবনের ওপর গুরুত্ব দিতে হবে।
হুরুনের তালিকা অনুযায়ী, চীনের শীর্ষ ৫০ ধনী নারীর ৬৫ শতাংশই স্বপ্রতিষ্ঠিত উদ্যোক্তা। তাঁদের সম্মিলিত সম্পদের পরিমাণ রেকর্ড ১ দশমিক ৯৩ ট্রিলিয়ন ইউয়ান।
সদ্য সংবাদ/ এআর