রাজধানীর কলাবাগানে আবু হাসান নামে আট বছর বয়সী এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে শিশুটি।
শুক্রবার (৩০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে মুমূর্ষু অবস্থায় আবু হাসানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান স্বজনেরা। পরে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে শিশুটির বাবা ইসলাম উদ্দিন জানান, তাঁদের বাড়ি কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলায়। বর্তমানে তাঁরা কলাবাগানের কাঁঠালবাগান ফ্রি স্কুল স্ট্রিট এলাকার একটি বাসার চারতলায় ভাড়া থাকেন। তিনি দিনমজুরের কাজ করেন। তাঁর স্ত্রী তাসরিন বেগম বাসাবাড়িতে কাজ করেন। আবু হাসান স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তাকে ছাড়াও তাঁদের আরও দুই সন্তান রয়েছে।
ইসলাম উদ্দিনের ভাষ্য, শুক্রবার সকালে তিন সন্তানকে বাসায় রেখে তাঁরা দুজন কাজে বের হন। বিকেলের দিকে তাঁর স্ত্রী তাসরিন বাসায় ফিরে দুই সন্তানকে একটি ঘরে দেখতে পান। অন্য একটি ঘর ভেতর থেকে ড্রাম দিয়ে আটকানো ছিল। অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তিনি জোরে ধাক্কা দিয়ে ঘরে প্রবেশ করেন। এ সময় ছেলেকে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দ্রুত তাকে নামিয়ে হাসপাতালে নিয়ে আসেন।
শিশুটির বাবার দাবি, আবু হাসানের মাথায় কিছুটা সমস্যা ছিল। এর আগেও সে এমন ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল। তবে পরিবারের সদস্যরা দেখে ফেলায় তা করতে পারেনি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি কলাবাগান থানা-পুলিশ তদন্ত করছে।
সদ্য সংবাদ/ এআর