নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথ অনুষ্ঠানে যোগ দিতে বঙ্গভবনে পৌঁছেছেন সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বঙ্গভবনের দরবার হলে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিতে তিনি প্রবেশ করেন। এর আগে থেকেই শপথ অনুষ্ঠানস্থলে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি শুরু হয়।
রাষ্ট্রপতির শপথকে কেন্দ্র করে বঙ্গভবন এলাকায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তাব্যবস্থা। প্রধান ফটকসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। আমন্ত্রিতদের পরিচয় ও আমন্ত্রণপত্র যাচাই করেই বঙ্গভবনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে।
শপথ অনুষ্ঠানে অংশ নিতে পর্যায়ক্রমে বঙ্গভবনে আসছেন সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, তিন বাহিনীর প্রধান, কূটনীতিক, রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা। মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে ১২০০-এর বেশি অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে।
এরই মধ্যে শপথগ্রহণের জন্য বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলের সব প্রস্তুতি শেষ হয়েছে। পুরো আয়োজনের ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।
অনুষ্ঠানে নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। আর শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
শপথ গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সদ্য সংবাদ/এসএস