বাংলাদেশ ও চীনের মধ্যে শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার লক্ষ্য নিয়ে সরকারি সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (২৫ আগস্ট) সফরসঙ্গীদের নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের উদ্দেশে রওনা হন তিনি।
সফরদলে রয়েছেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিঞা। এ সময় বিমানবন্দরে তাদের বিদায় জানাতে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন এবং চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওপেং উপস্থিত ছিলেন।
চীন সফরে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নের বিভিন্ন বিষয় নিয়ে দেশটির শিক্ষা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন মন্ত্রী। বিশেষ করে উচ্চশিক্ষা, যৌথ শিক্ষা কার্যক্রম এবং দুই দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে।
সফরসূচিতে চীনের কয়েকটি খ্যাতনামা বিশ্ববিদ্যালয় পরিদর্শন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের বিষয়টি রয়েছে। এসব বৈঠকে শিক্ষার্থী বিনিময়, উচ্চশিক্ষার সুযোগ এবং পারস্পরিক একাডেমিক সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।
বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে আরও আধুনিক ও কর্মমুখী করতে চীনের অভিজ্ঞতা কাজে লাগানোর বিষয়েও সফরে গুরুত্ব দেওয়া হচ্ছে। এ জন্য দেশটির কয়েকটি কারিগরি ও ভোকেশনাল শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম সরেজমিনে দেখবেন শিক্ষামন্ত্রী।
এ ছাড়া সফরকালে বিভিন্ন আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন ও ফোরামে অংশ নেওয়ার কথা রয়েছে তার। সেখানে বাংলাদেশের শিক্ষা খাতের অগ্রগতি, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও মতবিনিময় করবেন তিনি।
সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে শিক্ষা খাতে সম্ভাব্য একাধিক সমঝোতা স্মারক সই। এসব সমঝোতা বাস্তবায়িত হলে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষা, বৃত্তি এবং কারিগরি প্রশিক্ষণের সুযোগ আরও সম্প্রসারিত হতে পারে বলে আশা করা হচ্ছে।
সদ্য সংবাদ/এসএস