জুলাই গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি শ্রদ্ধা এবং নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দায়িত্ব গ্রহণকে স্মরণ করে শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের কার্যক্রম শুরু হয়। শুরুতেই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণ করা হয়।
অধিবেশনের সূচনা বক্তব্যে স্পিকার বলেন, ২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। শহীদদের আত্মত্যাগকে ধারণ করে গণতান্ত্রিক, শক্তিশালী ও মানবিক রাষ্ট্র গঠনে সংসদ সদস্যদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জাতীয় সংসদের পক্ষ থেকে অভিনন্দন জানান স্পিকার। তার নেতৃত্বে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্পিকার আরও বলেন, দীর্ঘ ৩৫ বছর পর ২০২৬ সালে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হওয়া দেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। সংসদকে জনগণের আশা-আকাঙ্ক্ষার কেন্দ্র হিসেবে উল্লেখ করে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
এরপর অধিবেশন পরিচালনার জন্য পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম ঘোষণা করা হয়। তারা হলেন গয়েশ্বর চন্দ্র রায়, জামাল নিজাম, মুহাম্মদ নওশাদ জমির, নিলুফার চৌধুরী মনি ও মুজিবুর রহমান। স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে নির্ধারিত ক্রমানুসারে তারা অধিবেশনে সভাপতিত্ব করবেন।
পরে বিভিন্ন সময়ে মারা যাওয়া সাবেক সংসদ সদস্য, মন্ত্রী, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, কবি ও শিল্পীদের স্মরণে শোক প্রস্তাব উত্থাপন করা হয়। সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, স্পিকার ও মন্ত্রী ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারসহ ১২ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে সংসদ গভীর শোক প্রকাশ করে।
এ ছাড়া একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী, চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার, রাজনৈতিক চিন্তাবিদ ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক এবং শিক্ষাবিদ ড. মকবুল হোসেনের মৃত্যুতে শোক জানানো হয়।
শোক প্রস্তাবে কয়েকজন সাবেক সংসদ সদস্যের নাম অন্তর্ভুক্ত করার আহ্বান জানান বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমান। একইভাবে পয়েন্ট অব অর্ডারে চিফ হুইপ নূরুল ইসলাম মণি নাটোরের সাবেক প্রতিমন্ত্রী ফজলুর রহমানের নাম যুক্ত করার অনুরোধ করেন।
এ সময় নেপালের ভয়াবহ আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির ঘটনায় সংসদের পক্ষ থেকে শোক ও সমবেদনা জানানোর প্রস্তাব দেন চিফ হুইপ। তিনি জানান, দুর্যোগকবলিত নেপালে উদ্ধার কার্যক্রম ও চিকিৎসা সহায়তা দিতে বাংলাদেশ সেনাবাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
পরে সংসদে উত্থাপিত সব শোক প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। প্রয়াতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেন সংসদ সদস্যরা। এরপর তাদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ।
সদ্য সংবাদ/এসকে