তাদের আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স
সদ্য সংবাদ ডেস্ক
৬ নভেম্বর, ২০২৬ ১৭:১০:০০
ছবি: সংগৃহীত

গণহত্যা ও নির্যাতনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিরা অনুশোচনা প্রকাশ না করলে এবং জনগণের কাছে দায় স্বীকার না করলে দেশে ফিরে রাজনীতি করার সুযোগ পাবেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জনঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে বর্তমানে দিল্লিতে অবস্থানকারীদের আর বাংলাদেশের রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়িতে আল জামিয়াতুল ইসলাম বাবুনগর মাদ্রাসার বার্ষিক মাহফিলে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতাদর্শগত পার্থক্য থাকতে পারে। তবে দেশের মানুষের ওপর হত্যাযজ্ঞ, গণহত্যা ও নির্যাতন চালানোর বিষয়টি নিয়ে কোনো আপসের সুযোগ নেই। তাঁর ভাষ্য, যারা দীর্ঘদিন ধরে সাধারণ মানুষ ও আলেম-ওলামাদের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের বিষয়ে দেশের জনগণ ঐক্যবদ্ধ।

বিগত সময়ের রাজনৈতিক সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জনে দীর্ঘ ২৩ বছর সংগ্রাম করতে হয়েছে। একইভাবে ফ্যাসিবাদী ও আলেমবিদ্বেষী সরকারের বিরুদ্ধে দীর্ঘ ১৭ বছরের আন্দোলনের মধ্য দিয়ে জনগণ মুক্তির পথ তৈরি করেছে। এ আন্দোলনে আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রাণ দিয়েছেন।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে হতাহতের পরিসংখ্যান উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, জাতিসংঘের হিসাব অনুযায়ী ওই আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ মানুষ শহীদ হয়েছেন। এর আগে ১৬ থেকে ১৭ বছরে প্রায় ৩ হাজার মানুষ গুমের শিকার হয়েছেন বলে তিনি দাবি করেন। নিজেও গুমের শিকার হয়েছিলেন উল্লেখ করে তিনি বলেন, আল্লাহর রহমতে এবং মানুষের দোয়ায় তিনি বেঁচে ফিরেছেন। এ ছাড়া প্রায় ৭ হাজার মানুষ বিভিন্নভাবে হত্যা ও নির্যাতনের শিকার হয়েছেন এবং লাখ লাখ মানুষ মামলা-হামলার মুখে পড়েছেন বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।

রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ধর্মীয় মূল্যবোধের বিষয়টি ফিরিয়ে আনার কথাও বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর বক্তব্য, সংবিধানে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাসের বিষয়টি পুনঃপ্রতিষ্ঠা করা হবে। এ ক্ষেত্রে সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে বিসমিল্লাহির রাহমানির রাহিম সংযোজন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।

তিনি আরও বলেন, ইসলামী মূল্যবোধে বিশ্বাসী হলেও দেশের সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চায় সরকার। জাতির মধ্যে বিভেদ নয়, বরং পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি।

ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু রাজনৈতিক কর্মকাণ্ডে ধর্মীয় মূল্যবোধের প্রতিফলন দেখা যায় না। বরং এসব কর্মকাণ্ড মানুষের মধ্যে বিভাজন তৈরি করছে। স্বাধীনতার আগে ও পরে বিভ্রান্তিকর রাজনীতির মাধ্যমে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জুলাই সনদ বাস্তবায়নের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ছাত্র-জনতার প্রত্যাশার ভিত্তিতে দীর্ঘ আলোচনার মাধ্যমে তৈরি হওয়া এ সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে ইসলামী মূল্যবোধের বিষয়গুলো সংবিধানে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।

সরকারের সমালোচনা করার ক্ষেত্রে গঠনমূলক অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সমালোচনা ও ভিন্নমত প্রকাশের সুযোগ রয়েছে। তবে কোনো আন্দোলন বা কর্মসূচির মাধ্যমে দেশের মানুষের স্বার্থ ক্ষতিগ্রস্ত করা উচিত নয়।

অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন, রাউজানের সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, ফটিকছড়ির সংসদ সদস্য সরওয়ার আলমগীর, রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান সদ্য. নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী জুনায়েদ সদ্য. দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল সদ্য. স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আ.লীগ: জামায়াত আমির সদ্য. টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু সদ্য. সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ সদ্য. ‘জয় বাংলা’সহ কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন সদ্য. বুকে তীব্র ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী সদ্য. ডেঙ্গুতে একদিনে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৫ সদ্য. মক্কা প্রতিরক্ষা চুক্তির অনুমোদন দিলো তুরস্কের পার্লামেন্ট সদ্য. বিকল্প পথে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের পঞ্চম চালান সদ্য. নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র পদে এনসিপির প্রার্থী জুনায়েদ সদ্য. দুই দিনের কর্মসূচি ঘোষণা করল ছাত্রদল সদ্য. স্বাধীন বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা নিধন শুরু করে আ.লীগ: জামায়াত আমির সদ্য. টেকনাফে মানব পাচারকারীদের গুলিতে সেনাসদস্যের মৃত্যু সদ্য. সোনারগাঁও হোটেল ও রাজারবাগ পুলিশ লাইনসের সামনে ককটেল বিস্ফোরণ