সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো ও আর্থিক সুযোগ-সুবিধায় পরিবর্তন আনার সম্ভাবনা যাচাই করতে ছয় সদস্যের একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। এ কমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। কমিটির নেতৃত্বে থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পাশাপাশি প্রকাশ করা হয়েছে সরকারি গেজেট।
কমিটির বাকি সদস্যরা হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) এবং জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
সরকারি চাকরিতে প্রচলিত বেতন কাঠামোর বিভিন্ন অসংগতি, গ্রেডভিত্তিক বৈষম্য এবং এ নিয়ে কর্মচারীদের অভিযোগ পর্যালোচনা করবে কমিটি। এসব বিষয়ে প্রয়োজনীয় সংস্কার ও সমাধানের সুপারিশ সরকারের কাছে জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছে তাদের।
এ ছাড়া বেতন গ্রেড পুনর্বিন্যাস, গ্রেডের উন্নীতকরণ ও অবনমন এবং বিভিন্ন ধাপের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠার বিষয়গুলোও পর্যালোচনার আওতায় থাকবে। সরকারি কর্মচারীদের জন্য ঝুঁকিভাতা ও নতুন কোনো ভাতা চালুর যৌক্তিকতা যাচাই করবে কমিটি।
পাশাপাশি বর্তমানে প্রচলিত বিভিন্ন ভাতার পরিমাণ বাড়ানো কিংবা কমানোর প্রয়োজন রয়েছে কি না, সে বিষয়েও মূল্যায়ন করে সুপারিশ দেওয়া হবে।
কমিটির কার্যক্রমে সহায়তা দিতে মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বা সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব এবং অর্থ বিভাগের সচিবসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের যুক্ত করা হয়েছে। প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতাও রাখা হয়েছে কমিটির।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রয়োজনের ভিত্তিতে কমিটির সভা অনুষ্ঠিত হবে। এর দাপ্তরিক ও সাচিবিক দায়িত্ব পালনে সহযোগিতা করবে অর্থ বিভাগ। কমিটির সুপারিশের ভিত্তিতে সরকারি কর্মচারীদের বেতন ও সুযোগ-সুবিধা নিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হবে।
সদ্য সংবাদ/এসএস