বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে নতুন করে দায়িত্ব পাওয়া চার নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) সন্ধ্যায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে তাদের এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাতের বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি। নবনিযুক্ত চার সদস্য হলেন-রুহুল কবির রিজভী, আমান উল্লাহ আমান, ফরহাদ হালিম ডোনার ও ইসমাইল জবিহউল্লাহ।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদও উপস্থিত ছিলেন।
এর আগে মঙ্গলবার সকালে জাতীয় স্থায়ী কমিটিতে নতুন দায়িত্ব পাওয়া এই চার নেতা রাজধানীর শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেন। তারা সেখানে পুষ্পস্তবক অর্পণ করে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
গত ১৫ আগস্ট বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দলের জাতীয় স্থায়ী কমিটিতে চার নেতাকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত জানান। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং নীতিনির্ধারণী পর্যায়ে অভিজ্ঞতা ও দক্ষতার সমন্বয় ঘটাতেই তাদের এই দায়িত্ব দেওয়া হয়েছে।
বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন দায়িত্ব পাওয়া নেতারা তাদের অভিজ্ঞতা, মেধা ও বিচক্ষণতার মাধ্যমে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে গুরুত্বপূর্ণ পরামর্শ দেবেন। পাশাপাশি দল ও জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণে তারা কার্যকর ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করছে বিএনপি।
নতুন সদস্যদের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটিতে দলের সাংগঠনিক ও নীতিনির্ধারণী কার্যক্রম আরও জোরদার হবে বলে দলটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে।
সদ্য সংবাদ/এসএস