জুলাই-পরবর্তী বাংলাদেশে ছাত্র রাজনীতিতে নতুন ধারা প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম সাদ্দাম। তার ভাষ্য, অনেকের কাছে রাজনীতি এখন এক ধরনের ব্যবসায় পরিণত হয়েছে; তবে নতুন প্রজন্মের রাজনীতিতে এ ধরনের মানসিকতার পরিবর্তন প্রয়োজন।
শনিবার (২২ আগস্ট) নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আয়োজিত নবীনবরণ ও ‘ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম-২৬’ অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিবির সভাপতি বলেন, বর্তমান সময়ে শিক্ষার্থীদের কাছে শুধু রাজনৈতিক স্লোগান নিয়ে গেলে হবে না। তাদের সামনে আদর্শ, সুনির্দিষ্ট চিন্তাধারা ও সময়োপযোগী কর্মপরিকল্পনা তুলে ধরতে হবে। একই সঙ্গে ছাত্র রাজনীতিকে শিক্ষার্থীদের শিক্ষা, দক্ষতা ও নৈতিক বিকাশের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন তিনি।
ক্যাম্পাসে র্যাগিং, দখলদারিত্ব ও ভর্তি বাণিজ্যের মতো কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানিয়ে মঞ্জুরুল ইসলাম সাদ্দাম বলেন, বিশ্ববিদ্যালয় হওয়া উচিত জ্ঞানচর্চা, নৈতিকতা ও নেতৃত্ব বিকাশের ক্ষেত্র। শিক্ষার্থীদের ক্যারিয়ার গঠনে কাউন্সেলিংয়ের পাশাপাশি সফট ও হার্ড স্কিল উন্নয়নে কাজ করার কথাও তুলে ধরেন তিনি।
বিশ্ববিদ্যালয় প্রশাসনে রাজনৈতিক প্রভাবের সমালোচনা করে তিনি বলেন, যোগ্যতা ও দক্ষতার পরিবর্তে দলীয় পরিচয়কে প্রাধান্য দিয়ে প্রশাসনিক পদে নিয়োগ দেওয়া হলে শিক্ষাঙ্গনে কাঙ্ক্ষিত পরিবেশ তৈরি হবে না। জুলাইয়ের আন্দোলনে শিক্ষার্থীদের আত্মত্যাগের পর এমন সংস্কৃতি থেকে বেরিয়ে আসা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
তরুণদের প্রত্যাশা অনুযায়ী সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ওপরও জোর দেন শিবির সভাপতি। তার বক্তব্য, শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও আকাঙ্ক্ষা উপেক্ষিত হলে ভবিষ্যতে ছাত্রসমাজ ও সাধারণ মানুষ আবারও প্রতিবাদে সোচ্চার হতে পারে।
অনুষ্ঠানের শেষপর্বে নবীন শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মঞ্জুরুল ইসলাম সাদ্দাম। পাশাপাশি উচ্চশিক্ষার পাশাপাশি দক্ষতা অর্জন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে শিক্ষার্থীদের পরামর্শ দেন তিনি।
নোবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শাখার সেক্রেটারি আবদুর রহমান। এতে ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম, জামায়াতে ইসলামীর নোয়াখালী জেলা আমীর ইসহাক খন্দকারসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সদ্য সংবাদ/এসএস