দীর্ঘদিনের অভ্যন্তরীণ মতবিরোধের অবসান ঘটিয়ে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখার নতুন নেতৃত্বের নাম ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বুধবার বিকেলে নারায়ণগঞ্জের ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদে আয়োজিত এক সভা থেকে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
সংগঠনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরউল্লাহ সভা শেষে নতুন নেতৃত্বের নাম প্রকাশ করেন।
নতুন জেলা কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ডিআইটি রেলওয়ে কলোনী জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল। তিনি হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির নায়েবে আমীর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
জেলা শাখায় জ্যেষ্ঠ সহসভাপতি করা হয়েছে আমলাপাড়া মাদরাসার মাওলানা আব্দুল কাদেরকে। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাদানীনগর মাদরাসার মুফতি বশিরউল্লাহ।
এ ছাড়া জেলা কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা বদিউল আলম, সাংগঠনিক সম্পাদক হিসেবে মাওলানা মহিউদ্দিন খান, অর্থ সম্পাদক মাওলানা খোরশেদ আলম কাসেমী এবং প্রচার সম্পাদক হিসেবে মুফতি শেখ শিব্বিরের নাম ঘোষণা করা হয়েছে।
অন্যদিকে, নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি হয়েছেন মুফতি জাকির হোসেন কাসেমী। সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন দেওভোগ মাদরাসার মাওলানা আব্দুর রহমান। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে মুফতি মামুনুর রশীদকে এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মাওলানা মাহমুদ ইবনে আউয়াল।
কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতি বশিরউল্লাহ জানান, আপাতত আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে আরও নেতাকর্মীকে যুক্ত করে জেলা ও মহানগর উভয় কমিটিই পূর্ণাঙ্গ করা হবে।
এর আগে ২০২৪ সালের অক্টোবরে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর শাখায় পৃথক নেতৃত্ব ঘোষণা করা হয়েছিল। তবে ওই কমিটি ঘোষণার সময় সংগঠনের একটি বড় অংশের নেতারা উপস্থিত ছিলেন না। পরবর্তীতে নেতৃত্ব নির্বাচনকে কেন্দ্র করে হেফাজতে ইসলামের স্থানীয় পর্যায়ে মতবিরোধ আরও প্রকাশ্য হয়ে ওঠে।
ওই সময় জেলা কমিটিতে মুফতি মনির হোসাইন কাসেমীকে সাধারণ সম্পাদক এবং মহানগর কমিটিতে মুফতি হারুনুর রশিদ ও মাওলানা মীর আহমাদুল্লাহকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছিল।
কমিটি গঠন নিয়ে মতপার্থক্যের কারণে সংগঠনের কার্যক্রমেও বিভাজনের পরিস্থিতি তৈরি হয়। দীর্ঘ সেই টানাপোড়েনের পর এবার নতুন নেতৃত্ব ঘোষণার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
সদ্য সংবাদ/এসএস