ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসিরউদ্দীন পাটোয়ারী এবং উত্তর সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে মেয়র প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন দলটির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
এ উপলক্ষে দুই মহানগরের বিভিন্ন ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের সঙ্গে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সিটি নির্বাচনকে ঘিরে দলীয় প্রস্তুতি ও সাংগঠনিক কার্যক্রম নিয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন নাহিদ ইসলাম।
বৈঠকে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থী বাছাইয়ের পাশাপাশি ওয়ার্ডভিত্তিক নাগরিক সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো নিয়ে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়। স্থানীয় পর্যায়ে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে নাগরিক সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখার নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং তাদের পাশে থাকার বিষয়েও নেতাকর্মীদের নির্দেশ দেন নাহিদ ইসলাম।
সভায় পতিত ও পলাতক আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত নাশকতামূলক তৎপরতার বিষয়ে সতর্ক থাকার পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে এ ধরনের কর্মকাণ্ডের ওপর নজরদারি জোরদারের নির্দেশনাও দেওয়া হয়।
সমন্বয় সভায় ঢাকা মহানগর দক্ষিণ এনসিপির আহ্বায়ক ইসহাক সরকার, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবসহ দুই মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ওয়ার্ডভিত্তিক সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার এবং সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের নিয়ে প্রস্তুতি এগিয়ে নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়।
সদ্য সংবাদ/এসকে