চলতি বছরের প্রথম তিন মাসে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করেছেন ১ কোটি ৫২ লাখের বেশি মানুষ। জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত মোট ১ কোটি ৫২ লাখ ৩৩ হাজার ৭৬৭ জন ওমরাহ পালন করেন বলে জানিয়েছে দেশটির সরকারি পরিসংখ্যান সংস্থা জেনারেল অথরিটি ফর স্ট্যাটিস্টিকস (জিএএসটিএটি)।
জিএএসটিএটির প্রকাশিত পরিসংখ্যান বলছে, এ সময়ে ওমরাহ পালনকারীদের বড় একটি অংশ ছিলেন সৌদি আরবের অভ্যন্তরীণ ওমরাহযাত্রী। দেশীয় পর্যায়ে ওমরাহ আদায় করেন প্রায় ৯৪ লাখ ৬৪ হাজার ৪৯৬ জন। মোট ওমরাহযাত্রীর মধ্যে সৌদি নাগরিকদের অংশ ছিল ২৮ দশমিক ৯ শতাংশ।
অন্যদিকে প্রথম প্রান্তিকে বিদেশ থেকে সৌদি আরবে গিয়ে ওমরাহ পালন করেন ৫৭ লাখ ৬৯ হাজার ২৭১ জন। আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের মধ্যে নারীর সংখ্যা ছিল পুরুষের তুলনায় বেশি। বিদেশি ওমরাহ পালনকারীদের ৫১ দশমিক ৮ শতাংশ নারী এবং ৪৮ দশমিক ২ শতাংশ পুরুষ।
বিদেশি মুসল্লিদের সৌদি আরবে পৌঁছানোর ক্ষেত্রে আকাশপথই ছিল সবচেয়ে বেশি ব্যবহৃত মাধ্যম। পরিসংখ্যান অনুযায়ী, আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের ৮৬ শতাংশ বিমানযোগে সৌদি আরবে প্রবেশ করেন। স্থলপথে প্রবেশ করেন ১৩ দশমিক ৬ শতাংশ এবং সমুদ্রপথ ব্যবহার করেন শূন্য দশমিক ৪ শতাংশ।
মাসভিত্তিক হিসাবেও ওমরাহ পালনে ওঠানামার চিত্র পাওয়া গেছে। বিদেশি ওমরাহযাত্রীদের ক্ষেত্রে জানুয়ারিতে সর্বোচ্চ ২২ লাখ ৩৭ হাজার ৪১৮ জন ওমরাহ পালন করেন। মার্চে এই সংখ্যা নেমে আসে ১৩ লাখ ৯০ হাজার ১৩০ জনে।
দেশীয় ওমরাহযাত্রীদের ক্ষেত্রে সবচেয়ে বেশি মানুষের ওমরাহ পালনের তথ্য পাওয়া গেছে ফেব্রুয়ারিতে। ওই মাসে ৪৫ লাখ ৫৮ হাজার ৫৭০ জন স্থানীয়ভাবে ওমরাহ পালন করেন। জানুয়ারিতে এ সংখ্যা ছিল ১৩ লাখ ১ হাজার ৩৪৩ জন।
জিএএসটিএটির তথ্য অনুযায়ী, সৌদি আরবের অভ্যন্তরীণ ওমরাহযাত্রীদের বেশিরভাগই পরিবারের সদস্যদের সঙ্গে ওমরাহ পালন করেছেন। তাদের ৭৫ দশমিক ৪ শতাংশ পরিবারের সঙ্গে, ১৭ দশমিক ২ শতাংশ একা এবং ৭ দশমিক ৪ শতাংশ বন্ধুদের সঙ্গে ওমরাহ পালন করেন।
বয়সের হিসাবেও ভিন্নতা রয়েছে। আন্তর্জাতিক ওমরাহযাত্রীদের মধ্যে ৫৫ থেকে ৬৪ বছর বয়সীদের অংশ সবচেয়ে বেশি ১৮ দশমিক ৮ শতাংশ। আর ১৪ বছর বা তার কম বয়সীদের অংশ ৮ শতাংশ। সৌদি ওমরাহযাত্রীদের মধ্যে ২৫ থেকে ৩৪ বছর বয়সীদের উপস্থিতি সবচেয়ে বেশি, যা মোটের ২৫ দশমিক ৩ শতাংশ।
এদিকে ওমরাহর পাশাপাশি মদিনায় ধর্মীয় সফরেও উল্লেখযোগ্য সংখ্যক মানুষের উপস্থিতি ছিল। বছরের প্রথম প্রান্তিকে মদিনায় আন্তর্জাতিক দর্শনার্থীর সংখ্যা দাঁড়ায় ৩৭ লাখ ৪১ হাজার ৪৬০ জন। একই সময়ে ধর্মীয় উদ্দেশ্যে মদিনা সফর করেন ১৯ লাখ ৮৪ হাজার ১৯৩ জন দেশীয় দর্শনার্থী।
প্রতিবেদনে বলা হয়েছে, দেশীয় দর্শনার্থীদের মধ্যে সৌদি নাগরিকের সংখ্যা ছিল ৯ লাখ ৭৫ হাজার ২৭৮ জন। অন্য দেশের নাগরিক ছিলেন ১০ লাখ ৮ হাজার ৯১৫ জন।
সদ্য সংবাদ/এসএস