বাংলাদেশের হজযাত্রীর সংখ্যা বাড়ানোর সম্ভাবনা তৈরি হয়েছে। অন্য দেশ বরাদ্দ পাওয়া হজের আসন ব্যবহার করতে না পারলে সেই কোটা বাংলাদেশকে দেওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দিয়েছে সৌদি আরব। পাশাপাশি হজ ও ওমরাহ পালনে বাংলাদেশিদের জন্য সুযোগ-সুবিধা সম্প্রসারণ এবং দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়েও সম্মত হয়েছে দেশটি।
শনিবার (১৪ নভেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজ চুক্তি চূড়ান্ত করার প্রস্তুতির অংশ হিসেবে গত ৯ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। সৌদি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিয়াহ।
আলোচনায় বাংলাদেশি হজযাত্রীদের জন্য বিদ্যমান সুবিধা আরও উন্নত করার বিষয়টি গুরুত্ব পায়। সৌদি মন্ত্রী বাংলাদেশের হজ ব্যবস্থাপনার প্রশংসা করেন এবং ভবিষ্যতেও বাংলাদেশকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হলো, নির্ধারিত হজ কোটা পূরণে কোনো দেশ ব্যর্থ হলে তাদের অব্যবহৃত আসন বাংলাদেশকে দেওয়ার বিষয়টি বিবেচনা করা হবে। এ ধরনের সুযোগ সৃষ্টি হলে বাংলাদেশকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন সৌদি মন্ত্রী। তিনি বলেন, বাংলাদেশের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে সৌদি আরব প্রস্তুত রয়েছে।
এ ছাড়া হজের পাশাপাশি ওমরাহ ব্যবস্থাপনা, তথ্য আদান-প্রদান এবং সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে দুই দেশের সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন সৌদি আরবের রাজপরিবার ও সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, পবিত্র হজ পরিচালনায় সৌদি আরবের ভূমিকা প্রশংসনীয়। বাংলাদেশি হাজিদের কল্যাণে দেশটির সহযোগিতা অব্যাহত থাকায় তিনি সন্তোষ প্রকাশ করেন। একই সঙ্গে দুই দেশের মধ্যে যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা আরও শক্তিশালী করার আহ্বান জানান।
ধর্মমন্ত্রী আরও উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ ও সৌদি আরবের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে নতুন উচ্চতায় পৌঁছাবে।
বৈঠকে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সহকারী মন্ত্রী ড. আল হাসান আল মানাখারাহ, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ ইবন দাফের ইবন উবাইয়া এবং দুই দেশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।
সদ্য সংবাদ/এসএস