দেশের আটটি বিভাগে আবারও তাফসিরুল কোরআন মাহফিল আয়োজনের ঘোষণা দিয়েছেন ইসলামিক স্কলার শায়খ মিজানুর রহমান আজহারি। এক বছরের বিরতি শেষে নতুন করে এসব ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান আজহারি।
পোস্টে তিনি বলেন, এক বছর বিরতির পর দেশের আট বিভাগে তার উন্মুক্ত তাফসিরুল কোরআন মাহফিলগুলো অনুষ্ঠিত হবে। এ আয়োজন সফল করতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করেন তিনি।
মাহফিলগুলোতে শৃঙ্খলা বজায় রাখার বিষয়েও গুরুত্ব দিয়েছেন এই ইসলামিক বক্তা। তার আহ্বান, অনুষ্ঠানে অংশ নিতে আসা সবাই যেন ধর্মীয় শিষ্টাচার মেনে চলেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করেন। কোনো ধরনের বিশৃঙ্খলা যেন ধর্মীয় আয়োজনের পরিবেশ নষ্ট করতে না পারে, সেদিকেও সতর্ক থাকতে বলেন তিনি।
আজহারি আরও উল্লেখ করেন, একটি মাহফিলের সফলতা শুধু মানুষের উপস্থিতি বা আয়োজনের বিশালত্ব দিয়ে বিচার করা যায় না। বরং কোরআন ও সুন্নাহর শিক্ষা মানুষের চিন্তাভাবনা, আচরণ ও দৈনন্দিন জীবনে কতটা প্রভাব ফেলছে, সেটিই বেশি গুরুত্বপূর্ণ।
তার মতে, কোরআনের শিক্ষা ব্যক্তি ও পারিবারিক জীবনে ইতিবাচক পরিবর্তন আনার পাশাপাশি সমাজের উন্নতিতেও ভূমিকা রাখতে পারে। তাই মাহফিলগুলোকে শুধু জনসমাগমের অনুষ্ঠান না বানিয়ে মানুষের জীবন ও চিন্তায় পরিবর্তন আনার উপলক্ষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
তবে আট বিভাগের কোন কোন স্থানে এবং কবে এসব মাহফিল অনুষ্ঠিত হবে, সে বিষয়ে বিস্তারিত সময়সূচি এখনো ঘোষণা করেননি আজহারি। তিনি শিগগিরই বিভিন্ন শহরে দেখা হওয়ার আশাবাদ জানিয়েছেন।
সদ্য সংবাদ/এসএস