তাবলিগ জামাতের প্রবীণ মুরব্বি ও রাজধানীর কাকরাইল মারকাজের দীর্ঘদিনের সঙ্গী ডা. সাইফুদ্দিন আর নেই। প্রায় ৫০ বছর ধরে কাকরাইল মারকাজে অবস্থান করে দ্বীনি কার্যক্রমে যুক্ত থাকা এই ধর্মীয় ব্যক্তিত্বের মৃত্যুতে তাবলিগ জামাতের অনুসারীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
রোববার (২৫ অক্টোবর) দিবাগত রাত ২টা ৫০ মিনিটে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের চরপাড়ায় অবস্থিত মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন।
তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ।
ডা. সাইফুদ্দিন দীর্ঘদিন ধরে কাকরাইল মারকাজে মুকিম হিসেবে দায়িত্ব পালন করেন। পাশাপাশি তাবলিগ জামাতের দেশি তাশকিলের জিম্মাদার হিসেবেও গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত ছিলেন তিনি। দীর্ঘ সময় ধরে দ্বীনি খেদমতে সম্পৃক্ত থাকায় সংগঠনটির সাথি ও সহকর্মীদের কাছে তিনি পরিচিত ছিলেন।
তাঁর ইন্তেকালে তাবলিগ জামাতের অনুসারী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা শোক প্রকাশ করেছেন।
মরহুমের জানাজার নামাজ আজ বাদ জোহর মাদ্রাসা ক্বাসিমুল উলুম লাওহে মাহফুজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সদ্য সংবাদ/এসএস