২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই ধাপে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী বছরের জানুয়ারিতে টঙ্গীর তুরাগ তীরের ইজতেমা ময়দানে অনুষ্ঠিত হবে দেশের অন্যতম বৃহৎ এই ধর্মীয় সমাবেশ।
বৃহস্পতিবার সচিবালয়ে বিশ্ব ইজতেমার প্রস্তুতি ও আয়োজন নিয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, ইজতেমার প্রথম ধাপ শুরু হবে ৮ জানুয়ারি এবং চলবে ১০ জানুয়ারি পর্যন্ত। এরপর এক সপ্তাহ বিরতির পর ১৫ জানুয়ারি শুরু হবে দ্বিতীয় ধাপ, যা শেষ হবে ১৭ জানুয়ারি।
বিশ্ব ইজতেমায় প্রতিবছর বাংলাদেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিদেশ থেকেও বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। ফলে এই বৃহৎ জমায়েতকে ঘিরে নিরাপত্তা ও জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখাকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইজতেমা উপলক্ষে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, মুসল্লিদের নিরাপত্তা, পরিবহন ব্যবস্থাপনা এবং প্রয়োজনীয় অন্যান্য সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রস্তুতি নিতে হবে।
তাবলিগ জামাতের দুই পক্ষের পৃথক ব্যবস্থাপনায় সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়ে আসছে। সেই ধারাবাহিকতায় ২০২৭ সালেও দুই ধাপে আয়োজন করা হবে এই ধর্মীয় সমাবেশ।
সদ্য সংবাদ/এসএস