রাজধানীর মোহাম্মদপুরে পূর্ব শত্রুতার জেরে সন্ত্রাসীরা বাবা কাশেম ও ছেলে বাবুকে কুপিয়ে জখম করেছে। পরে তাদের উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হলে ছেলে বাবুকে (২৬) মৃত ঘোষণা করেন চিকিৎসক। গুরুতর আহত বাবা কাশেম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনা ঘটে সোমবার (২৪ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা উদ্যান তিন নম্বর রোডের ডি ব্লকে। নিহত কাশেমের বোন আখতারী বেগম জানান, সন্ধ্যার দিকে টাকা নিয়ে ঢাকা উদ্যান চার নম্বর রোডে কাশেমের সঙ্গে রাজীবের মধ্যে হাতাহাতি হয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে কাশেমের বাসার সামনে চার নম্বর রোডে রাজীব, সবুজ, রুবেল, মোহনসহ অজ্ঞাত আরও কয়েকজন তাকে এবং তার ছেলেকে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।
মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হামলার পর আহত দুজনকে মুমূর্ষু অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়। চিকিৎসক ছেলে বাবুকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত কাশেম বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে।