রাজধানীর আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. নয়ন হোসেনের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ওঠায় তার পদ স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। শনিবার (২৪ অক্টোবর) সংগঠনটির পক্ষ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকা মহানগর পশ্চিম শাখার অধীন আদাবর থানা ছাত্রদলের আহ্বায়ক নয়ন হোসেনের সাংগঠনিক কার্যক্রম স্থগিত করা হয়েছে। সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সিদ্ধান্তটি অনুমোদন করেছেন।
এদিকে, নয়ন হোসেনের বিরুদ্ধে রাজধানীর আদাবর এলাকায় সিটি করপোরেশনের পয়ঃনিষ্কাশন ও ড্রেনেজ উন্নয়নকাজে বাধা দেওয়া এবং ভবনমালিকদের কাছে চাঁদা দাবি করার অভিযোগ রয়েছে। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) চাঁদাবাজির মামলায় তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সদ্য সংবাদ/এসএস