শেরপুরের ঝিনাইগাতী সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৫০ বোতল ভারতীয় মদসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মদের আনুমানিক বাজারমূল্য ৭৫ হাজার টাকা।
শনিবার (২৪ অক্টোবর) সকালে ঝিনাইগাতী উপজেলার জামতলা কলোনি এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে তাঁদের আটক করে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর একটি টহল দল।
আটক ব্যক্তিরা হলেন মো. সুলতান মাহমুদ (৩৮) ও মিস্টার আলী (৩৬)। সুলতান মাহমুদের বাবার নাম মৃত হফুর আলী এবং মিস্টার আলীর বাবার নাম কালো গাজী। তাঁরা দুজনই ঝিনাইগাতী উপজেলার গোমরা গ্রামের বাসিন্দা। তাঁদের ডাকঘর রাহিচিটা।
বিজিবি জানায়, জব্দ করা মদ সংশ্লিষ্ট থানায় জমা দেওয়ার পাশাপাশি আটক দুজন ও পলাতক তিন আসামির বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় মামলা দায়েরের কার্যক্রম চলছে। আটক ও পলাতক আসামিদের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/এআর