সুনামগঞ্জের জামালগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) মো. আরিফুর রহমান শান্ত নিজের মৃত্যুর জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রাণী মোদককে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। একই সঙ্গে প্রশাসন ক্যাডার থেকে পদত্যাগের ঘোষণাও দিয়েছেন তিনি। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) দিবাগত রাতে ‘এসিল্যান্ড জামালগঞ্জ’ নামের ফেসবুক আইডি থেকে পরপর দুটি পোস্ট দেওয়া হয়। প্রথম পোস্টে লেখা হয়, ‘আমার মৃত্যুর জন্য শিল্পী রাণী মোদক দায়ী থাকবে।’ এর কিছুক্ষণ পর দ্বিতীয় পোস্টে তিনি লেখেন, ‘আই রিজাইন ফ্রম অ্যাডমিন ক্যাডার।’
এ বিষয়ে ইউএনও শিল্পী রাণী মোদক জানিয়েছেন, আরিফুর রহমান মানসিক অসুস্থতা ও ট্রমার মধ্যে ছিলেন। এ কারণে তাঁর আচরণ অস্বাভাবিক হয়ে উঠেছিল। পরে তাঁকে চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় দুই মাস আগে জামালগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগ দেন আরিফুর রহমান। তিনি স্ত্রীকে নিয়ে উপজেলা সদরে বসবাস করছিলেন। বেশ কিছুদিন ধরেই তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এত দিন বিষয়টি পারিবারিক পরিসরেই সীমাবদ্ধ ছিল।
ঘটনার দিন শুক্রবার রাতে ইউএনও শিল্পী রাণী মোদকের তিন বছর বয়সী মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে স্ত্রীসহ যোগ দিয়েছিলেন আরিফুর রহমান। ইউএনওর ভাষ্য অনুযায়ী, কেক কাটার আয়োজন শেষে তাঁর বাসা থেকে বেরিয়ে যাওয়ার পরই ফেসবুকে বিতর্কিত পোস্ট দুটি দেন ওই কর্মকর্তা।
শিল্পী রাণী মোদক আরও জানান, পোস্ট দেওয়ার পর আরিফুর রহমানের আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়। এ সময় তিনি এক আনসার সদস্যকে মারধর করেন এবং ইউএনওর তিন বছর বয়সী মেয়েকে হত্যার হুমকি দেন বলে অভিযোগ করেন তিনি। রাস্তায় যাঁদের পেয়েছেন, তাঁদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ করেছেন বলে জানান ইউএনও।
ফেসবুকে দেওয়া পোস্টের বিষয়টি জানার পর জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বন্দে আলী মিয়াসহ কয়েকজন দ্রুত আরিফুর রহমানের বাসায় যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।
ওসি বন্দে আলী মিয়া জানান, বাসায় গিয়ে পরিস্থিতি বিবেচনায় আরিফুর রহমানের স্ত্রীর পরামর্শে তাঁকে ঘুমের ওষুধ দেওয়া হয়েছিল। তবে ওষুধটির কার্যকারিতা কম থাকায় তাঁর আচরণে তেমন পরিবর্তন আসেনি। পরে চিকিৎসকের পরামর্শে নির্দিষ্ট একটি ইনজেকশন সংগ্রহের চেষ্টা করা হলেও স্থানীয়ভাবে সেটি পাওয়া যায়নি।
তিনি আরও জানান, বাসার ভেতরে আরিফুর রহমানের অস্বাভাবিক আচরণ অব্যাহত থাকায় রাত ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ও পরিবারের সদস্যদের উপস্থিতিতে তাঁকে সিলেটে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর স্বজনেরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় নিয়ে যান।
ফেসবুক পোস্টে নিজের নাম উল্লেখ করার কারণ সম্পর্কে জানতে চাইলে ইউএনও শিল্পী রাণী মোদক বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘তিনি কেন আমার নাম লিখেছেন, তা আমারও প্রশ্ন। আমি নিজেও বিষয়টি বুঝতে পারছি না।’
সদ্য সংবাদ/এআর