পরিবহন মালিকদের মধ্যে বিরোধের জেরে কিশোরগঞ্জ থেকে রাজধানীর মহাখালীগামী বেসরকারি বাস চলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (২৫ অক্টোবর) সকাল থেকে এ রুটে বাস না চলায় ঢাকামুখী যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে জরুরি কাজে রাজধানীতে যেতে চাওয়া মানুষ পড়েছেন বিপাকে।
কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তে রুটটির বেসরকারি বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। এতে নিয়মিত যাতায়াতকারী যাত্রীদের পাশাপাশি বিভিন্ন প্রয়োজনে ঢাকাগামী মানুষও ভোগান্তিতে পড়েছেন।
পরিবহন মালিকদের বিরোধের কেন্দ্রে রয়েছে পুরোনো বাস পরিবর্তন করে নতুন বাস চালুর উদ্যোগ। কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সদস্যসচিব শহীদুল ইসলাম শহীদ জানান, সমিতির নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর যাত্রীসেবার মান বাড়াতে পুরোনো বাস সরিয়ে নতুন বাস চালুর পরিকল্পনা করে। বিষয়টি নিয়ে ঢাকার পরিবহন মালিকদের সঙ্গে আলোচনা হলে তারাও সম্মতি জানিয়েছিলেন।
তবে কিশোরগঞ্জের মালিকেরা পুরোনো বাস সরিয়ে নতুন বাস চালু করলেও ঢাকার মালিকপক্ষ আগের বাসগুলো বহাল রাখে। উল্টো রুটটিতে আরও দুটি বাস যুক্ত করা হয় বলে অভিযোগ করেন শহীদুল ইসলাম।
এ নিয়ে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছিল। শনিবার বিরোধ আরও বাড়ে। পরে ঢাকায় কাউন্টার বন্ধ করে দেওয়ার ঘটনার পরিপ্রেক্ষিতে কিশোরগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতি বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নেয় বলে জানান সমিতির সদস্যসচিব।
সমিতির তথ্য অনুযায়ী, এই সিদ্ধান্তের কারণে অনন্যা পরিবহনের ৫০টি, অনন্যা ক্ল্যাসিকের ৫৭টি, জলসিঁড়ির ১০০টি এবং উজানভাটির ৩০টি বাস চলাচল করছে না। সব মিলিয়ে বন্ধ রয়েছে ২৩৭টি বাস।
এদিকে, বাস চলাচল বন্ধের খবর আগে থেকে না জানায় অনেক যাত্রী কাউন্টারে এসে ফিরে যেতে বাধ্য হয়েছেন। কেউ বিকল্প যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। তবে বিকল্প পথে যাতায়াত করতে বাড়তি অর্থ ব্যয় করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন যাত্রীরা।
অন্যদিকে, কিশোরগঞ্জ থেকে ভৈরব হয়ে রাজধানীর গোলাপবাগ রুটে অনন্যা সুপার ও যাতায়াত পরিবহনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। ফলে মহাখালী রুটে বাস বন্ধ থাকলেও বিকল্প পথে ঢাকায় যাওয়ার সুযোগ রয়েছে যাত্রীদের।
সদ্য সংবাদ/এসএস