ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের প্রস্তুতির মধ্যেই বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের পদে পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আপাতত দলের ব্যাটিং কোচের দায়িত্ব সামলাবেন মোহাম্মদ সালাহউদ্দীন।
শনিবার (২৪ অক্টোবর) সকালে জাতীয় দলের ব্যাটারদের নিয়ে অনুশীলনে কাজ করেন আশরাফুল। কিন্তু দিনের কার্যক্রম শেষ হওয়ার পর রাতেই বিসিবির বিজ্ঞপ্তিতে আসে তার দায়িত্ব থেকে সরে যাওয়ার খবর।
নতুন ব্যাটিং কোচ নিয়োগ না দেওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীনভাবে দায়িত্ব পালন করবেন বিসিবির হাই পারফরম্যান্স বিভাগের প্রধান কোচ সালাহউদ্দীন। তবে আশরাফুলকে সরিয়ে দেওয়ার পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে বোর্ডের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
২০২৫ সালের নভেম্বরে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন আশরাফুল। এক বছর পূর্ণ হওয়ার আগেই সেই অধ্যায়ের ইতি টানল বিসিবির এই সিদ্ধান্ত।
এদিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ওয়েস্ট ইন্ডিজ দল। আগামী ২৮ অক্টোবর ঢাকায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।
সদ্য সংবাদ/এসএস