টপঅর্ডারের ব্যাটিং বিপর্যয়ের পরও বাংলাদেশের সংগ্রহ ২৭৪

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
টপঅর্ডারের ব্যাটিং বিপর্যয় যেন বাংলাদেশের নিত্যসঙ্গী হয়ে উঠেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডেতেও তার ব্যতিক্রম হয়নি। প্রথম ওভারেই উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ৬১ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। তবে সেই সংকট থেকে দলকে টেনে তোলেন লিটন দাস, তাওহীদ হৃদয় ও মোসাদ্দেক হোসেন সৈকত। তিন ব্যাটারের অর্ধশতকে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৭৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।

মিরপুরে টস জিতে একাদশে একাধিক পরিবর্তন এনে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে শুরুটা ছিল হতাশার। দলীয় ২ রানেই বিদায় নেন সৌম্য সরকার। ২ রান করে আউট হওয়া এই ওপেনারের বিদায়ে টানা দ্বিতীয় ম্যাচে প্রথম ওভারেই উইকেট হারানোর অভিজ্ঞতা হয় বাংলাদেশের।

সৌম্যর বিদায়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে নিয়ে ইনিংস গড়ার চেষ্টা করেন তানজিদ হাসান তামিম। দুজন মিলে শুরুর ধাক্কা সামাল দিলেও ইনিংস বড় করতে পারেননি। ম্যাট রেনশোর স্কিড করা বলে স্লগ সুইপ খেলতে গিয়ে ১৯ রানে থামেন তামিম। তার বিদায়ে ভাঙে ৫১ রানের জুটি।

এরপর শান্তও একইভাবে সুইপ খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দেন। ৫০ বলে ২৪ রান করে ফিরলে মাত্র ৬১ রানেই ৩ উইকেট হারিয়ে বড় বিপদে পড়ে বাংলাদেশ। সেই সময় হাল ধরেন লিটন দাস ও তাওহীদ হৃদয়। দুজন মিলে গড়ে তোলেন ৯২ রানের গুরুত্বপূর্ণ জুটি।

শুরুতে কিছুটা সময় নিয়ে খেললেও ধীরে ধীরে ছন্দে ফেরেন লিটন। অন্য প্রান্তে হৃদয়ও ছিলেন আত্মবিশ্বাসী। সুযোগ পেলেই বাউন্ডারি হাঁকিয়ে চাপ কমিয়েছেন তিনি। তবে দারুণ ছন্দে থাকা লিটনের ইনিংসে বাধা হয়ে দাঁড়ায় চোট। ব্যক্তিগত ৪৮ রানে পৌঁছে পায়ের পেশিতে টান অনুভব করলে মাঠ ছাড়তে বাধ্য হন তিনি। তখনও তার নামের পাশে যোগ হয়নি বহু প্রতীক্ষিত মিরপুরের প্রথম ওয়ানডে অর্ধশতক।

ওয়ানডেতে লিটনের অভিষেকও হয়েছিল মিরপুরে। এর আগে শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ২৮ ইনিংস খেলেও কোনো অর্ধশতকের দেখা পাননি তিনি। পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজে কয়েকটি চল্লিশোর্ধ্ব ইনিংস খেললেও পঞ্চাশের মাইলফলক স্পর্শ করা হয়নি।

লিটনের অবর্তমানে ক্রিজে এসে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করেন মোসাদ্দেক হোসেন সৈকত। তাকে সঙ্গী করে ইনিংস এগিয়ে নেন তাওহীদ হৃদয়। দুজনের ৯৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। এই সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম এবং ওয়ানডে ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক পূর্ণ করেন হৃদয়।

অর্ধশতকের পর আরও দ্রুত রান তুলতে গিয়ে ৮৩ রানে থামেন হৃদয়। তবে তার ইনিংস বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। অন্যদিকে শুরু থেকেই ইতিবাচক ব্যাটিং করেন মোসাদ্দেক। মাত্র ৪৩ বলে তুলে নেন নিজের অর্ধশতক। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম এবং চলতি সিরিজে দ্বিতীয় ফিফটি। মাঝে শেখ মেহেদী ৯ বলে ৩ রান করে ফিরলেও শেষ দিকে আর বড় কোনো ধাক্কা খেতে হয়নি স্বাগতিকদের।

ইনিংসের শেষ দিকে আবারও ব্যাট হাতে মাঠে ফেরেন চোট পাওয়া লিটন দাস। ৪৯তম ওভারের শেষ বলে দুই রান নিয়ে পূরণ করেন বহু প্রতীক্ষিত অর্ধশতক। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ১৪তম অর্ধশতক, মিরপুরে প্রথম এবং অস্ট্রেলিয়ার বিপক্ষেও প্রথম ফিফটি।

শেষ পর্যন্ত লিটন ৫৮ ও মোসাদ্দেক ৫৬ রানে অপরাজিত থাকেন। তাদের দায়িত্বশীল ব্যাটিংয়ে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ২৭৪ রান তোলে বাংলাদেশ। হোয়াইটওয়াশ এড়াতে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৫ রান।

অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন জাভিয়ার বার্টলেট ও ম্যাট রেনশো। একটি উইকেট শিকার করেন বেন ডয়ারশুইস।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি সদ্য. চাঁদার জন্য ব্যবসায়ীকে জিম্মি, ডিজিএফআই-আনসার সদস্যসহ কারাগারে ৬ জন সদ্য. পাকিস্তান-আফগানিস্তানে ৫.২ মাত্রার ভূমিকম্প অনুভূত সদ্য. চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার মোহাম্মদপুর থানা ওয়ার্ড বিএনপির সভাপতি সদ্য. দক্ষিণ আফ্রিকায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশিসহ ৭ জনের সদ্য. দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: কনস্যুলেটের ভূমিকা খতিয়ে দেখতে বলল সংসদীয় কমিটি সদ্য. কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সদ্য. ৪ নভেম্বর পর্যন্ত স্থগিত বিমানের দাম্মাম ও রিয়াদ ফ্লাইট সদ্য. যুক্তরাষ্ট্র ও ইসরায়েল থেকে দূরত্ব বজায় রাখতে ইউরোপকে ইরানের আহ্বান সদ্য. ষষ্ঠ শ্রেণির পাঠ্যবই থেকে বাদ দেওয়া হলো ‘দাঁড়িপাল্লা’ প্রতীক সদ্য. মাদক সংশ্লিষ্টতার কারণে ২৭ জন পুলিশ সদস্যকে জেলে পাঠানো হয়েছে: আইজিপি