জুলাই গণঅভ্যুত্থয়ের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় ঘোষণা হওয়ার পর দেশের বিভিন্ন জায়গায় শোকরানা নামাজ, মিষ্টি বিতরণ ও আনন্দ উদ্যাপনের খবর পাওয়া যাচ্ছে।
বাংলাদেশের রাজনীতিতে যেসব প্রতিষ্ঠিত ব্যক্তিকে বিতর্কিত ও মিথ্যা মামলায় ফাঁসির দণ্ড দেওয়া হয়েছিল, তাদের মধ্যে অন্যতম সালাউদ্দিন কাদের চৌধুরী। সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে প্রভাবশালী এই বাগ্মী রাজনীতিক নানা সময় বক্তব্য ও কর্মকাণ্ডে আলোচিত ছিলেন। হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার একটি পুরোনো ভিডিও আবারও ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নিজ মামলার রায় ঘোষণার পর সালাউদ্দিন কাদের চৌধুরী বলছেন, তিনি চান এই ট্রাইব্যুনাল দীর্ঘদিন টিকে থাকুক। এরপর বিচারকদের উদ্দেশে তিনি বলেন, “আপনি লিখে রাখেন, এই ট্রাইব্যুনালে একদিন হাসিনার ফাঁসি হবে।” আজ শেখ হাসিনার বিরুদ্ধে একই আদালতের মৃত্যুদণ্ড ঘোষণাকে অনেকে তার সেই মন্তব্যের বাস্তবায়ন হিসেবে উল্লেখ করছেন।
জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আরেক আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন রাজসাক্ষী হিসেবে স্বীকারোক্তি দেওয়ায় লঘুদণ্ডে তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল।