জুলাই গণঅভ্যুত্থয়ের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বিভিন্ন গণমাধ্যমে সরাসরি প্রচারিত এই রায় টেলিভিশনে দেখেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। রায় ঘোষণার পর তিনি সন্তোষ প্রকাশ করেছেন বলে সোমবার দেশ রূপান্তরকে জানিয়েছেন বিএনপির একজন জ্যেষ্ঠ নেতা।
এই নেতা বলেন, খালেদা জিয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় দেখে স্বস্তি প্রকাশ করেছেন। তার মতে, জুলাই বিপ্লবের শহীদরা ন্যায়বিচার পেয়েছেন এবং আদালতের রায়ে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছে। তিনি আরও উল্লেখ করেন, গত ১৭ বছর ধরে যেসব পরিবার গুম-খুনের শিকার হয়েছেন, এই রায় তাদের আত্মাকে শান্তি দেবে। দীর্ঘদিন ধরে তার ওপর যে অন্যায় হয়েছে, তার বিচার তিনি আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন।
বিষয়টি জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী এবিএম আব্দুস সাত্তার বলেন, তিনি এখনো খালেদা জিয়ার বাসায় যাননি। তবে যেহেতু রায় সরাসরি সম্প্রচারিত হয়েছে, তিনি দেখতে পেরেছেন বলে ধারণা করা যায়।
রবিবার দুপুর ২টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং বিচারপতি মোহিতুল হক এনাম চৌধুরী। রায় ঘোষণার সময় আদালত ছিল জনাকীর্ণ, উপস্থিত ছিলেন আইনজীবীরা এবং জুলাই-আগস্টে নিহতদের কয়েকজনের পরিবারের সদস্যরা।